নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল ঘটাল রাজ্য সরকার। একসঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ পদে বদলি করা হয়েছে ছয়জন পুলিশ আধিকারিককে, যার ফলে জেলার প্রশাসনিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।নতুন নির্দেশিকা অনুযায়ী, মেদিনীপুর রেঞ্জের ডিআইজি পদে দায়িত্ব নিচ্ছেন অমিতাভ মাইতি। বর্তমানে এই পদে থাকা অরিজিৎ সিনহাকে ডিআইজি (ট্রাফিক) হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। খড়্গপুর রেল পুলিশ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ করা হয়েছে জয়ন্ত মুখোপাধ্যায়কে। বর্তমান পুলিশ সুপার মিতুনকুমার দে-কে স্থানান্তর করে হোমগার্ডের অতিরিক্ত পুলিশ সুপার পদে পাঠানো হয়েছে।খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপার পদেও পরিবর্তন আনা হয়েছে। সন্দীপ সেনের পরিবর্তে এই পদে দায়িত্ব নিচ্ছেন আইপিএস অফিসার বুশারা বানো। একই সঙ্গে খড়্গপুরের এসডিপিও পদেও রদবদল হয়েছে। ধীরজ ঠাকুরকে পুরুলিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) পদে পাঠানো হয়েছে এবং তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন সিদ্ধার্থ সিং ডাঙগি।অন্যদিকে, পশ্চিম মেদিনীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন উত্তম ঘোষ। বর্তমানে এই পদে থাকা সৌতম বন্দ্যোপাধ্যায়কে জলপাইগুড়ি গ্রামীণ জেলার অতিরিক্ত পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) পদেও পরিবর্তন আনা হয়েছে। ওই পদে নতুন দায়িত্ব পাচ্ছেন মনোরঞ্জন ঘোষ।প্রশাসনিক সূত্রের মতে, জেলার আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করতে এই রদবদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নতুন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের উপর আগামী দিনে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও নিরাপত্তা সংক্রান্ত কাজের দায়িত্ব থাকবে।
এক ধাক্কায় বদলে গেল জেলার পুলিশ প্রশাসনের চেহারা, রদবদলে ৬ আধিকারিক!