জনগণনা ২০২৭-এ নাগরিক অংশগ্রহণ বাড়াতে নাড়াজোল রাজ কলেজে সচেতনতামূলক উদ্যোগ!
নিজস্ব সংবাদদাতা : 'জনগণনা ২০২৭: স্ব-গণনা' বিষয়কে সামনে রেখে নাড়াজোল রাজ কলেজে অনুষ্ঠিত হল একটি সচেতনতামূলক কর্মশালা। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমা শাসকের (এসডিও) কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে স্ব-গণনার গুরুত্ব ও প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়।অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাল এসডিও কার্যালয়ের কর্মী বিশ্বজিৎ পাল।

তিনি অংশগ্রহণকারীদের জানান, ১৫ আগস্ট ২০২৬ পর্যন্ত চলমান জনগণনা ২০২৭-এর স্ব-গণনা (Self Enumeration) প্রক্রিয়ায় কীভাবে অংশগ্রহণ করতে হবে, তার ধাপ, প্রয়োজনীয় তথ্য এবং নাগরিকদের ভূমিকা সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করেন। পাশাপাশি, সঠিক তথ্য প্রদান এবং সময়মতো স্ব-গণনা সম্পন্ন করার গুরুত্বও তুলে ধরেন তিনি।নাড়াজোল রাজ কলেজের অধ্যক্ষ ড. বাসুদেব মণ্ডল-এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই সচেতনতামূলক অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন ইংরেজি বিভাগের অধ্যাপিকা প্রজ্ঞা পারমিতা মণ্ডল।

কর্মশালায় কলেজের শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। আয়োজকদের মতে, জনগণনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত করতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অংশগ্রহণকারীরা এই কর্মসূচিকে দায়িত্বশীল নাগরিকত্ব এবং অংশগ্রহণমূলক গণতান্ত্রিক শাসনব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।