Skip to content

নারায়ণগড়ে প্যারালাইসিসে আক্রান্ত স্কুলছাত্রীর পাশে থাকার আশ্বাস বিধায়ক রমা প্রসাদ গিরির!

নিজস্ব সংবাদদাতা : অল্প বয়সেই প্যারালাইসিসে আক্রান্ত হয়ে কার্যত শয্যাশায়ী হয়ে পড়েছে নারায়ণগড়ের এক ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্রী। তার চিকিৎসা ও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন নারায়ণগড়ের বিধায়ক রমা প্রসাদ গিরি।জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় বিধানসভার কুশবসান অঞ্চলের জৈতা গ্রামের বাসিন্দা সঞ্চিতা গায়েন বর্তমানে প্যারালাইসিসে আক্রান্ত। অসুস্থতার কারণে তার দুই পা কার্যত অচল হয়ে পড়েছে। ফলে স্বাভাবিক জীবনযাপন তো দূরের কথা, পড়াশোনাও প্রায় বন্ধ হয়ে গিয়েছে।

সঞ্চিতার পরিবার দিনমজুরির আয়ের ওপর নির্ভরশীল। সীমিত আর্থিক সামর্থ্যের কারণে মেয়ের ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা তাদের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে।শনিবার সঞ্চিতার বাড়িতে পৌঁছে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন নারায়ণগড়ের বিধায়ক রমা প্রসাদ গিরি। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সঞ্চিতার চিকিৎসার জন্য প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি, ভবিষ্যতেও পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি।এদিকে, সঞ্চিতার উন্নত চিকিৎসার জন্য সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছে তার পরিবার। তাঁদের আশা, মানবিক উদ্যোগে এগিয়ে এলে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবে ছোট্ট সঞ্চিতা।

Latest