যাত্রীবাহী বাসে প্রায় ১০ কেজি রূপো পাচারের চেষ্টা ভেস্তে দিল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ!
সেখ ওয়ারেশ আলী : পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের হাতে বড় সাফল্য। দাসপুর এলাকায় একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রূপো পাচারের চেষ্টা বানচাল করল পুলিশ। উদ্ধার হয়েছে প্রায় ৯ কেজি ৭০০ গ্রাম রূপো। এই ঘটনায় রূপো পাচারের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
৬ই আগস্ট বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা জানান, গোপন সূত্রে খবর পেয়ে দাসপুর এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। অভিযানে পাচারের আগেই বিপুল পরিমাণ রূপো উদ্ধার করা হয় এবং অভিযুক্তকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া রূপোর উৎস এবং পাচারের গন্তব্য খতিয়ে দেখা হচ্ছে।

এদিন পুলিশ সুপার আরও জানান, কয়েক দিন আগেই দাসপুর এলাকায় গরু পাচারের একটি বড় চক্রের পরিকল্পনাও নস্যাৎ করে দেয় জেলা পুলিশ। ওই ঘটনায় দু'জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ এবং তদন্তে উঠে এসেছে, এই পাচারচক্রের সঙ্গে একটি বৃহৎ আন্তঃজেলা নেটওয়ার্কের যোগসূত্র রয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অন্তত চারটি জেলাজুড়ে সক্রিয় এই চক্রের সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারে। গোটা নেটওয়ার্ককে চিহ্নিত করে আইনের আওতায় আনতে জোরকদমে তদন্ত চলছে।

অন্যদিকে, নারায়ণগড় এলাকায় একটি যৌনপাচার চক্রেরও পর্দাফাঁস করেছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ কনডম, নেশাজাতীয় সামগ্রী এবং সংশ্লিষ্ট হোটেলের রেজিস্টার বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, কীভাবে এই চক্রটি পরিচালিত হচ্ছিল, কারা এর সঙ্গে যুক্ত এবং এর পিছনে আরও বড় কোনও সংগঠিত নেটওয়ার্ক রয়েছে কি না। জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা জানান, জেলাজুড়ে বেআইনি পাচার, সংগঠিত অপরাধ এবং অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে। আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের এই ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চলবে বলেও তিনি জানান।