প্রেমচাঁদ ফৌজদার : পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা-১ ব্লকের অন্তর্গত রামজীবনপুর পৌরসভার উদ্যোগে সোমবার, ৬ জুলাই ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর ১২৫তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হয়। এদিন পৌরসভা প্রাঙ্গণে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার সম্পাদক নন্দদুলাল নিয়োগী, পৌরসভার চেয়ারম্যান কল্যাণ তিওয়ারি , রামজীবনপুর পৌরসভার বিভিন্ন বিভাগের আধিকারিক ও কর্মীরা। এছাড়াও উপস্থিত ছিলেন ফায়ার অফিসের প্রধান ক্লার্ক দেবীপ্রসাদ দত্ত এবং পৌরসভার অন্যান্য কর্মচারীরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নন্দদুলাল নিয়োগী বলেন, দীর্ঘদিন পশ্চিমবঙ্গে ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মজয়ন্তী সরকারি উদ্যোগে পালিত হতো না। বর্তমান সরকারের উদ্যোগে তাঁর জন্মদিন সরকারি মর্যাদায় পালিত হচ্ছে, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, দেশের অখণ্ডতা ও জাতীয় সংহতি রক্ষায় ড. মুখার্জীর অবদান চিরস্মরণীয়। বিশেষ করে পশ্চিমবঙ্গ ও দেশের স্বার্থে তাঁর আন্দোলন ও আত্মত্যাগ ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করে। তাঁর আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই এই ধরনের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য বলেও তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পৌরসভার কর্মচারী রূপ কুমার চক্রবর্তী। তিনি ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর কর্মজীবন, দেশপ্রেম এবং জাতীয় জীবনে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌরসভার প্রতিনিধি দেবপ্রসাদ দত্ত। শ্রদ্ধা, স্মৃতিচারণ ও দেশাত্মবোধের আবহে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।