সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুর শহরের রাঙ্গামাটি এলাকায় একটি লুব্রিকেন্ট প্রস্তুতকারী কারখানায় দুর্ঘটনায় গুরুতর জখম হলেন দুই শ্রমিক। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে কারখানার একটি কেমিক্যাল সংরক্ষণকারী ট্যাঙ্কারের পাইপলাইনে লিকেজ মেরামতের কাজ চলছিল। সেই সময় ওয়েল্ডিং করার সময় হঠাৎ আগুনের ফুলকি থেকে বিস্ফোরণসদৃশ পরিস্থিতির সৃষ্টি হয়। মুহূর্তের মধ্যেই আগুনে দগ্ধ হন দুই শ্রমিক।

ঘটনার পর কারখানার অন্যান্য কর্মীরা দ্রুত আহতদের উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দু'জনেরই শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার খবর পেয়ে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে কী কারণে এই দুর্ঘটনা ঘটল এবং নিরাপত্তা বিধি মানা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তদন্তের স্বার্থে লুব্রিকেন্ট প্রস্তুতকারী সংস্থার তিনজন দায়িত্বপ্রাপ্ত কর্তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।কারখানায় নিরাপত্তা ব্যবস্থায় কোনও গাফিলতি ছিল কি না, নাকি অন্য কোনও কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা তদন্তের পরই স্পষ্ট হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।