অভিজিৎ সাহা: শালবনি বিধানসভার অন্তর্গত গড়বেতা–৩ ব্লকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের আবেদনপত্র বিতরণ কর্মসূচি। এই উপলক্ষে এলাকার মা-বোনেদের হাতে আবেদনপত্র তুলে দেন শালবনির বিধায়ক বিমান মাহাতো।সম্প্রতি প্রকাশিত ১২ পাতার অন্নপূর্ণা ভাণ্ডার আবেদনপত্রকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহের পাশাপাশি নানা প্রশ্নও তৈরি হয়েছে। আবেদনপত্রে পরিবারের সদস্যদের পরিচয়, আর্থিক অবস্থা, সম্পত্তি এবং বিভিন্ন সরকারি সুবিধা সংক্রান্ত বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।এই প্রসঙ্গে বিধায়ক বিমান মাহাতো বলেন, “সরকার চায় প্রকৃত ভারতীয় নাগরিকরাই সরকারি প্রকল্পের সুবিধা পান। জনগণের করের টাকায় পরিচালিত কল্যাণমূলক প্রকল্পে স্বচ্ছতা বজায় রাখার জন্যই প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। অতীতে যারা মানুষকে বিভ্রান্ত করেছে, তাদের কথায় কান না দিয়ে সাধারণ মানুষকে বাস্তব পরিস্থিতি বুঝতে হবে।”প্রকাশিত আবেদনপত্র অনুযায়ী, আবেদনকারীদের পরিবারের সদস্যদের আধার কার্ড, ভোটার পরিচয়পত্র, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, রেশন কার্ড ও প্যান কার্ডের তথ্য জমা দিতে হবে।

পাশাপাশি জমির পরিমাণ, বাসস্থানের ধরন, যানবাহনের মালিকানা, আয়ের উৎস, চাকরির অবস্থা, কর প্রদানের তথ্য এবং বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণের বিবরণও উল্লেখ করতে হবে। এছাড়া শিক্ষাগত যোগ্যতা, শিশুদের টিকাকরণসহ একাধিক সামাজিক ও অর্থনৈতিক তথ্যও চাওয়া হয়েছে।প্রশাসনের দাবি, প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করা এবং প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত করতেই এই বিস্তারিত তথ্য সংগ্রহের ব্যবস্থা করা হয়েছে। যদিও বিরোধীদের একাংশের অভিযোগ, অতিরিক্ত তথ্যের কারণে অনেক সাধারণ মানুষ আবেদন প্রক্রিয়ায় সমস্যার মুখোমুখি হতে পারেন।