শালবনি জমি মামলায় বড় পদক্ষেপ, মেদিনীপুর ছেড়ে বিধাননগরে নিয়ে যেতে চায় সিআইডি!

শালবনি জমি মামলায় বড় পদক্ষেপ, মেদিনীপুর ছেড়ে বিধাননগরে নিয়ে যেতে চায় সিআইডি!

সেখ ওয়ারেশ আলী : শালবনির জমি কেলেঙ্কারি মামলায় এবার নয়া মোড়। মেদিনীপুর আদালতে চলতে থাকা মামলাটি বিধাননগরের ময়ূখ ভবনে অবস্থিত এমপি-এমএলএ বিশেষ আদালতে স্থানান্তরের আবেদন জানাল সিআইডি। এতদিন মেদিনীপুর আদালতেই এই মামলার শুনানি হয়ে আসছিল।বৃহস্পতিবার মামলায় অভিযুক্ত প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে মেদিনীপুর আদালতের অতিরিক্ত দায়রা বিচারকের এজলাসে পেশ করা হয়। সেখানেই সিআইডির পক্ষ থেকে মামলাটি মেদিনীপুর থেকে বিধাননগরের ময়ূখ ভবনে অবস্থিত এমপি-এমএলএ আদালতে স্থানান্তরের আবেদন জানানো হয়।উল্লেখ্য, শালবনির জমি কেলেঙ্কারি মামলার তদন্তে ইতিমধ্যেই একাধিক তথ্য সামনে এসেছে বলে তদন্তকারী সংস্থার সূত্রে দাবি।

তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে একাধিক ব্যক্তির নাম উঠে আসায় মামলাটি ঘিরে রাজনৈতিক মহলেও আগ্রহ তৈরি হয়েছে।আগামী ১২ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি মেদিনীপুর আদালতেই হওয়ার কথা। ওই দিনই সিআইডির স্থানান্তরের আবেদনের বিষয়ে আদালতে শুনানি হতে পারে। মামলাটি মেদিনীপুর আদালতেই চলবে, নাকি বিধাননগরের ময়ূখ ভবনের এমপি-এমএলএ বিশেষ আদালতে স্থানান্তরিত হবে, সে বিষয়ে আদালতের সিদ্ধান্তের দিকেই এখন নজর সংশ্লিষ্ট মহলের।

সিআইডির এই আবেদনকে মামলার পরবর্তী গতিপ্রকৃতির ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। তবে শেষ পর্যন্ত মামলার বিচার কোন আদালতে চলবে, তা নির্ধারিত হবে আদালতের সিদ্ধান্তেই। আগামী ১২ অক্টোবরের শুনানিতেই বিষয়টি আরও স্পষ্ট হতে পারে।