Skip to content

“বাল্যবিবাহ নয়, শিক্ষাই হোক শক্তি”— ছাত্রীদের বার্তা দিলেন পুলিশ সুপার পাপিয়া সুলতানা!

নিজস্ব সংবাদদাতা :  বাল্যবিবাহ প্রতিরোধ ও কন্যাশিক্ষার প্রসারে সচেতনতা গড়ে তুলতে ১৮ই জুন বৃহস্পতিবার শালবনি ব্লকের মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠে অনুষ্ঠিত হলো এক বিশেষ সচেতনতামূলক আলোচনা সভা। বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার পাপিয়া সুলতানা (আইপিএস), বিশিষ্ট সমাজকর্মী ও লেখিকা রোশেনারা খান, শালবনি থানার আইসি সৌরভ ঘোষ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. প্রসূন কুমার পড়িয়া-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের সূচনা হয় চারা গাছে জল সিঞ্চনের মাধ্যমে। এরপর প্রধান শিক্ষক ড. প্রসূন কুমার পড়িয়ার স্বাগত ভাষণের পর বক্তব্য রাখেন সমাজকর্মী রোশেনারা খান। তিনি নিজের জীবনের অভিজ্ঞতা তুলে ধরে শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল হওয়ার বার্তা দেন।

পুলিশ সুপার পাপিয়া সুলতানা তাঁর বক্তব্যে আইপিএস হয়ে ওঠার দীর্ঘ সংগ্রাম, ত্যাগ ও অধ্যবসায়ের কাহিনি তুলে ধরে ছাত্রীদের অনুপ্রাণিত করেন। তিনি বলেন, “মেয়েদের ভূমিকা শুধুমাত্র সংসারের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষা ও জ্ঞানই সমাজ পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। বইকে ভালোবেসে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে।”তাঁর অনুপ্রেরণামূলক বক্তব্য শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। অনুষ্ঠানের শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয় এবং শিক্ষার্থীদের জন্য ডিজিটাল অ্যাটেনডেন্স ব্যবস্থার আনুষ্ঠানিক সূচনা করেন পুলিশ সুপার।

বিদ্যালয়ের পরিবেশ, শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ ও আচরণে তিনি মুগ্ধতার কথা প্রকাশ করেন। পাশাপাশি ছাত্রীদের উদ্দেশে তিনি অঙ্গীকার করান যে, কেউ অভিভাবকদের চাপে কিংবা অন্য কোনও কারণে বাল্যবিবাহে সম্মত হবে না এবং বাড়ি থেকে পালিয়ে বিয়ের মতো সিদ্ধান্তও নেবে না। এ ক্ষেত্রে শালবনি থানার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দেন তিনি।বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. প্রসূন কুমার পড়িয়া জানান, বাল্যবিবাহ প্রতিরোধে এ ধরনের কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষ সর্বদা ছাত্রীদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। পুলিশ সুপারের মূল্যবান পরামর্শ ও অনুপ্রেরণামূলক বক্তব্য শিক্ষার্থীদের আগামী দিনের পথচলায় ইতিবাচক প্রভাব ফেলবে বলেও তিনি আশাবাদী।

এদিন শালবনি ব্লকের ভাদুতলা বিবেকানন্দ হাইস্কুলেও বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশু পাচার রোধে একটি সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার পাপিয়া সুলতানা, সমাজকর্মী রোশেনারা খান, শালবনি থানার আইসি সৌরভ ঘোষ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. অমিতেশ চৌধুরী-সহ অন্যান্য অতিথিবৃন্দ। সভায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

Latest