সেখ ওয়ারেশ আলী : জমি সংক্রান্ত অনিয়ম ও তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর রবিবার মেদিনীপুর আদালতে পেশ করা হল মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে। ৬ই জুন শনিবার খড়গপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, তদন্তের স্বার্থে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে আদালতের কাছে। তদন্তকারী সংস্থার দাবি, জেলার বিভিন্ন থানায় সুজয় হাজরার বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের হয়েছে এবং সেই অভিযোগগুলির ভিত্তিতেই তদন্ত এগিয়ে চলছে।

৭ই জুন রবিবার সকালে কড়া নিরাপত্তার মধ্যে তাঁকে মেদিনীপুর আদালতে আনা হয়। আদালত চত্বরে অভিযুক্তকে নিয়ে আসার সময় কিছু মানুষের বিক্ষোভ ও স্লোগানকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।এই মামলায় আদালতের পরবর্তী নির্দেশের দিকে নজর রয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক মহলের। বিশেষত, তদন্তের স্বার্থে পুলিশি হেফাজতের আবেদন মঞ্জুর হয় কি না, তা নিয়েই জোর চর্চা শুরু হয়েছে।