নিজস্ব সংবাদদাতা : সরকারি সামাজিক বনায়ন প্রকল্পের অধীনে লাগানো শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের মোহনপুর ব্লকের ৩ নম্বর গ্রাম পঞ্চায়েতের ছাঙ্গেদিয়া গ্রামে। অভিযোগ, শ্মশান ও ভাগাড় এলাকায় সরকারি উদ্যোগে লাগানো গাছগুলি অবৈধভাবে কেটে ফেলা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০১৩ সালের দিকে সরকারি উদ্যোগে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে ওই এলাকায় সামাজিক বনায়ন প্রকল্পের আওতায় গাছ লাগানো হয়েছিল। সম্প্রতি গ্রামে একটি নতুন ‘দেশ কমিটি’ গঠনের পর থেকেই ধীরে ধীরে ওই গাছ কাটার অভিযোগ উঠেছে।যদিও কারা এবং কী কারণে গাছগুলি কেটেছে, তা নিয়ে অধিকাংশ গ্রামবাসী প্রকাশ্যে মুখ খুলতে চাইছেন না। এখনও পর্যন্ত থানায় বা কোনও সরকারি দফতরে লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে কয়েকজন স্থানীয় বাসিন্দা ব্লক প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন। পাশাপাশি কাটা গাছের ছবিও প্রশাসনের কাছে জমা দেওয়া হয়েছে।গ্রামবাসীদের অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্তের আশ্বাস দিয়েছে ব্লক প্রশাসন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ঘটনাস্থলে আধিকারিকদের একটি দল পাঠিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।এদিকে, গাছ কাটার ঘটনায় রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। স্থানীয় এক তৃণমূল কংগ্রেস নেতা এই ঘটনার পিছনে বিজেপির হাত রয়েছে বলে অভিযোগ করেছেন। যদিও সেই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি। দলের দাবি, গাছগুলি কখন বা কারা কেটেছে, সে সম্পর্কে তাদের কোনও তথ্য নেই এবং এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও সম্পর্কও নেই।এখন প্রশাসনিক তদন্তের পরই সরকারি প্রকল্পের আওতায় লাগানো গাছ কাটার ঘটনায় প্রকৃত দোষীদের পরিচয় সামনে আসে কি না, সেদিকেই নজর গ্রামবাসীদের।
সরকারি সামাজিক বনায়নের শতাধিক গাছ কাটা নিয়ে তোলপাড়! মোহনপুরে অবৈধভাবে গাছ কাটার অভিযোগ, তদন্তে প্রশাসন!