নিজস্ব সংবাদদাতা : অরণ্য সপ্তাহ ২০২৬’ উপলক্ষে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হল এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে পশ্চিম মেদিনীপুর বন বিভাগ ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁকে স্বাগত জানান বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড. জয়ন্ত কিশোর নন্দী, পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা , পুলিশ সুপার পাপিয়া সুলতানা, বিধায়ক শঙ্কর গুছাইত,বিধায়ক রমাপ্রসাদ গিরি, বিধায়ক প্রদীপ লোধা,বিধায়ক বিমান মাহাত এবংবিধায়ক সুকান্ত দোলুই-সহ প্রশাসনিক ও জনপ্রতিনিধিরা।

অতিথিরা বিশ্ববিদ্যালয় চত্বরে চারা রোপণের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন এবং পরিবেশ রক্ষা, বনসৃজন ও সবুজায়নের গুরুত্ব সম্পর্কে উপস্থিত ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, পরিবেশপ্রেমী মানুষ, শিক্ষকমণ্ডলী এবং শিক্ষার্থীদেরও উল্লেখযোগ্য উপস্থিতি ছিল।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণ এবং তার পরিচর্যার কোনও বিকল্প নেই। অনুষ্ঠান থেকে সকলের উদ্দেশে বার্তা দেওয়া হয়—‘শুধু অরণ্য সপ্তাহ নয়, বছরের প্রতিটি দিনই হোক সবুজায়নের অঙ্গীকার।’ পাশাপাশি ‘একটি গাছ, মায়ের নামে’ কর্মসূচির মাধ্যমে প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানানো হয়।