নিজস্ব সংবাদদাতা : আসন্ন আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর এবং আয়ুষ (AYUSH) বিভাগের যৌথ উদ্যোগে জেলার বিভিন্ন প্রান্তে একাধিক ‘রান ফর যোগা’ এবং যোগাভ্যাস কর্মসূচির আয়োজন করা হয়েছে। সুস্থ জীবনযাপন ও স্বাস্থ্য সচেতনতার বার্তা ছড়িয়ে দিতেই এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

"‘রান ফর যোগা’ কর্মসূচিতে অংশগ্রহণ করেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক, জেলা পুলিশ সুপার, স্থানীয় বিধায়ক, বিভিন্ন দপ্তরের জেলাস্তরের আধিকারিক এবং বিশিষ্ট ক্রীড়াবিদরা। তাঁদের উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণ কর্মসূচির গুরুত্বকে আরও বাড়িয়ে তোলে।

সাধারণ মানুষের মধ্যে যোগচর্চা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলার বিভিন্ন এলাকায় ম্যারাথন, ‘রান ফর যোগা’ এবং গণযোগাভ্যাস (ম্যাস ড্রিল) কর্মসূচিরও আয়োজন করা হয়েছে। এসব কর্মসূচিতে বিভিন্ন বয়সের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।অন্যদিকে, মেদিনীপুর শহরের জেলা লাইব্রেরি সংলগ্ন ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস অফিসে অনুষ্ঠিত এক বিশেষ যোগাভ্যাস শিবিরে প্রায় ৮০ জন ছাত্রছাত্রী অংশ নেয়।

প্রশিক্ষকদের তত্ত্বাবধানে তারা বিভিন্ন যোগাসন ও প্রণায়ামের অনুশীলন করে এবং নিয়মিত যোগচর্চার উপকারিতা সম্পর্কে অবগত হয়।আয়োজকদের মতে, আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এই ধারাবাহিক কর্মসূচি শুধু স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতেই নয়, বরং সমাজে সুস্থ ও ইতিবাচক জীবনধারা গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।