নিজস্ব সংবাদদাতা : মধ্যপ্রাচ্যের যুদ্ধ ঘিরে যখন গোটা বিশ্বজুড়ে আতঙ্ক, উদ্বেগ ও অস্থিরতা, ঠিক সেই সময়েই বিশ্বব্যাপী সামরিকীকরণের বিরুদ্ধে ভারতীয় আধ্যাত্মিক মানবতাবাদের ভূমিকা নিয়ে একদিনের জাতীয় আলোচনা চক্র অনুষ্ঠিত হলো নাড়াজোল রাজ কলেজে।মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ‘Spiritual Humanism in Indian Thought as a Response to Global Militarisation’ শীর্ষক এই আলোচনা চক্রের আয়োজন করে নাড়াজোল রাজ কলেজের দর্শন বিভাগ। Indian Council of Philosophical Research-এর আর্থিক পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এই সেমিনারের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ড. বাসুদেব মণ্ডল।

স্বাগত ভাষণে তিনি উপস্থিত সকলকে অভ্যর্থনা জানান এবং বর্তমান বিশ্ব পরিস্থিতিতে আলোচনার বিষয়টির গুরুত্ব ও প্রাসঙ্গিকতা তুলে ধরেন।আলোচনা চক্রে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. দীপায়ন পট্টনায়ক, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. ঝরেশ্বর ঘোষ, পুরুলিয়ার সিধু-কানহু-বিরসা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. রাজকুমার মোদক এবং রাঁচি বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান ড. অজয় কুমার সিং।

বক্তারা তাঁদের বক্তব্যে বিশ্বজুড়ে ক্রমবর্ধমান সামরিকীকরণের ভয়াবহতা তুলে ধরেন। একইসঙ্গে এই অস্থির পরিস্থিতিতে ভারতীয় আধ্যাত্মিক মানবতাবাদ কীভাবে শান্তি, সহাবস্থান ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, সেই বিষয়েও আলোচনা করেন।সেমিনার আয়োজক কমিটির সম্পাদক তথা নাড়াজোল রাজ কলেজের দর্শন বিভাগের প্রধান ড. ভোলানাথ মাহাতো সকল বিশিষ্ট বক্তাকে ধন্যবাদ জানান। এদিন অতিথিদের হাতে শ্রী রবিশঙ্করের বাণীর বাংলা অনুবাদে প্রকাশিত একটি গ্রন্থও তুলে দেওয়া হয়।অনুষ্ঠানটি অনলাইনেও সম্প্রচারিত হয়। পাশাপাশি ১৫ জন অধ্যাপক ও গবেষক তাঁদের গবেষণাপত্র উপস্থাপন করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক গৌতম জানা।কলেজের বিভিন্ন বিভাগের অধ্যাপক-অধ্যাপিকা, ছাত্রছাত্রী এবং অন্যান্য কলেজ থেকে আগত প্রতিনিধিদের উপস্থিতিতে একদিনের এই জাতীয় আলোচনা চক্র সফলভাবে সম্পন্ন হয়।