Skip to content

টাকা জমা দিয়েও ৫ বছরে আবাস যোজনার বাড়ি মেলেনি, বৃষ্টিতে খড়্গপুর পুরসভার মাটির দেওয়াল ধসে গুরুতর জখম গৃহবধূ!

নিজস্ব সংবাদদাতা : প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির আশায় পাঁচ বছর আগে টাকা জমা দিয়েছিলেন খড়্গপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা টুনটুন বেহেরা। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও শুরু হয়নি বাড়ি নির্মাণের কাজ। এরই মধ্যে টানা বৃষ্টিতে মাটির বাড়ির দেওয়াল ধসে গুরুতর জখম হলেন তাঁর জা রেখা বেহেরা।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে অবিরাম বৃষ্টির জেরে বাড়ির মাটির দেওয়াল দুর্বল হয়ে পড়ে। আচমকাই সেই দেওয়াল ভেঙে রেখা বেহেরার উপর পড়ে। পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে খড়্গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন।

বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।ঘটনার পরই আবাস যোজনার বাস্তবায়ন নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পরিবারের দাবি, পাঁচ বছর আগে আবাস যোজনার বাড়ি পাওয়ার আশায় ২০ হাজার টাকা জমা দেওয়া হলেও এখনও পর্যন্ত বাড়ি নির্মাণের অনুমোদন বা কাজ শুরু হয়নি। দীর্ঘ প্রতীক্ষার কারণে বহু পরিবার এখনও ঝুঁকিপূর্ণ কাঁচা ও মাটির বাড়িতে বসবাস করতে বাধ্য হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

বিষয়টি নিয়ে খড়্গপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর পারমিতা ঘোষ জানান, এখনও পর্যন্ত আবাস যোজনার বাড়ি নির্মাণের অনুমোদন আসেনি।এই ঘটনাকে কেন্দ্র করে আবাস প্রকল্পের বাস্তবায়নের গতি এবং সাধারণ মানুষের নিরাপদ বাসস্থানের বিষয়টি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। দ্রুত আবাস যোজনার বাড়ি নির্মাণের অনুমোদন দেওয়ার পাশাপাশি ঝুঁকিপূর্ণ বাড়িতে বসবাসকারী পরিবারগুলির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Latest