‘নেশামুক্ত যুব, বিকশিত ভারত’ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ভাষণ, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ২০০-র বেশি পড়ুয়ার নেশামুক্তির শপথ!
নিজস্ব সংবাদদাতা : নেশামুক্ত যুব, বিকশিত ভারত সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে ২ আগস্ট রবিবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশবাসীর উদ্দেশে দেওয়া ভাষণের সরাসরি সম্প্রচারের আয়োজন করা হয়। সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচিতে শিক্ষক, শিক্ষাকর্মী ও ছাত্রছাত্রীদের উপস্থিতিতে ভাষণটি সম্প্রচারিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর দীপক কুমার কর, নিবন্ধক ড. জয়ন্ত কিশোর নন্দী, এনএসএস-এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর ও কর্মসূচির নোডাল অফিসার প্রফেসর দেবদুলাল বন্দ্যোপাধ্যায়। এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা, এনএসএস প্রোগ্রাম অফিসার, হোস্টেল সুপারিনটেনডেন্ট, ওয়ার্ডেন এবং বিপুল সংখ্যক ছাত্রছাত্রী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ২০০-রও বেশি যুবক-যুবতীর নেশামুক্তির শপথ গ্রহণ। তাঁরা মাদকাসক্তি থেকে দূরে থাকার পাশাপাশি সমাজে নেশাবিরোধী সচেতনতা গড়ে তোলার অঙ্গীকার করেন।প্রধানমন্ত্রীর ভাষণে যুবসমাজকে মাদকমুক্ত, সুস্থ ও দায়িত্বশীল ভারত গঠনে অগ্রণী ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়। দেশজুড়ে এই কর্মসূচিতে বিপুল সংখ্যক যুবক-যুবতীর পাশাপাশি বিভিন্ন রাজ্যের বিশিষ্ট ব্যক্তিরাও অংশগ্রহণ করেন।

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ‘নেশামুক্ত যুব, বিকশিত ভারত’ কর্মসূচির আওতায় আগামী কয়েক সপ্তাহে বিশ্ববিদ্যালয়ে একাধিক সচেতনতামূলক অনুষ্ঠান, ক্রীড়া ও যোগাভ্যাস, নেশাবিরোধী শপথ গ্রহণ, সমাজসেবামূলক কর্মসূচি এবং বিভিন্ন জনসচেতনতামূলক উদ্যোগ গ্রহণ করা হবে। বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য, ছাত্রসমাজের মধ্যে সুস্থ জীবনযাপন, সামাজিক দায়বদ্ধতা এবং নেশামুক্ত সমাজ গঠনের বার্তা আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া।