সেখ ওয়ারেশ আলী : দেশের রাজনৈতিক ইতিহাসে আরও এক উল্লেখযোগ্য মাইলফলকের সাক্ষী হলো ভারত। টানা ৪,৩৯৯ দিন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর দীর্ঘদিনের রেকর্ড অতিক্রম করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১০ জুন এই নজির গড়ে তিনি স্বাধীনোত্তর ভারতের ইতিহাসে দীর্ঘতম সময় দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রীদের অন্যতম হিসেবে নতুন অধ্যায় রচনা করেন। উল্লেখ্য, জওহরলাল নেহরু ১৯৫২ সাল থেকে ১৯৬৪ সাল পর্যন্ত মোট ৪,৩৯৮ দিন প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত ছিলেন। প্রায় ৬২ বছর পর সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন নরেন্দ্র মোদী। একইসঙ্গে মোদী সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এই উপলক্ষে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের বটতলা চকে বিশেষ পূজা, হোম-যজ্ঞ এবং প্রার্থনা সভার আয়োজন করেন বিজেপি কর্মী-সমর্থকরা। সকাল থেকেই বটতলা চক সংলগ্ন শিবমন্দিরে পূজার্চনা ও যজ্ঞের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকার কামনায় বিশেষ প্রার্থনাও করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক ড. শংকর কুমার গুছাইত।

এছাড়াও বিজেপির জেলা ও স্থানীয় নেতৃত্ব, কর্মী-সমর্থক এবং সাধারণ মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।এদিন মোদী সরকারের গত ১২ বছরের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, জনকল্যাণমূলক কর্মসূচি এবং সাফল্যের খতিয়ান ব্যানার, ফ্লেক্স ও প্রদর্শনীর মাধ্যমে সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়। দেশের উন্নয়নে নেতৃত্ব দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান উপস্থিত বিজেপি কর্মী-সমর্থকরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ঐতিহাসিক রেকর্ড এবং মোদী সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত কর্মসূচিকে ঘিরে মেদিনীপুরে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।