Skip to content

চন্দ্রকোনা রোডে প্রাক্তন মন্ত্রী ও বিধায়ক শ্রীকান্ত মাহাতোর পিএ বরুন ঘোষের বাড়িতে পুলিশের তল্লাশি, উদ্ধার ত্রাণ সামগ্রী ও সরকারি প্যাড!

অভিজিৎ সাহা : পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী বিধানসভার প্রাক্তন মন্ত্রী ও প্রাক্তন বিধায়ক শ্রীকান্ত মাহাতো-র প্রাক্তন ব্যক্তিগত সহকারী (PA) বরুণ ঘোষের চন্দ্রকোনা রোডের বাড়িতে পুলিশ তল্লাশি চালিয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। জানা গিয়েছে, গোপন সূত্রে তথ্য পাওয়ার পর গড়বেতা থানার পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়।

তল্লাশি চলাকালীন বাড়ি থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার হয়েছে বলে দাবি করা হয়েছে। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে ত্রিপল, শাড়ি, লুঙ্গি, কম্বল-সহ বিভিন্ন সামগ্রী রয়েছে বলে সূত্রের খবর।এছাড়াও, প্রাক্তন বিধায়ক শ্রীকান্ত মাহাতোর নামে সরকারি প্যাডও উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া সামগ্রীর উৎস এবং সেগুলি কীভাবে ওই বাড়িতে এল, তা খতিয়ে দেখা হচ্ছে।

হিসাববহির্ভূত অর্থ বা অন্য কোনও আর্থিক অনিয়মের সূত্র রয়েছে কি না, তাও তদন্তকারীরা খতিয়ে দেখছেন বলে জানা গিয়েছে।অন্যদিকে, অভিযানের পর থেকে বরুণ ঘোষের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে স্থানীয় সূত্রের দাবি। তবে তিনি পলাতক কি না, সে বিষয়ে পুলিশের তরফে আনুষ্ঠানিকভাবে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি।গড়বেতা থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। তদন্তের স্বার্থে পুলিশ এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। তদন্তের অগ্রগতির উপর নজর রয়েছে রাজনৈতিক মহল ও স্থানীয় বাসিন্দাদের।

Latest