সেখ ওয়ারেশ আলী : জমি কেলেঙ্কারি ও প্রতারণার মামলায় গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল বিধায়ক এবং দলের প্রাক্তন জেলা সভাপতি সুজয় হাজরাকে রবিবার মেদিনীপুর আদালতে পেশ করা হলে আদালত চত্বরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।

শুনানি শেষে তাঁকে আদালত থেকে বের করে নিয়ে যাওয়ার সময় বিক্ষোভকারীরা কাঁচা ডিম ছুড়ে মারেন এবং ‘চোর চোর’ স্লোগানে সরব হয়ে ওঠেন।পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে সুজয় হাজরাকে আদালত চত্বর থেকে বের করে নিয়ে যাওয়া হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, আবাস যোজনার সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বহু মানুষের কাছ থেকে অর্থ আদায় করা হয়েছে।

পাশাপাশি জোরপূর্বক জমি দখল, তোলাবাজি এবং সাধারণ মানুষের উপর অত্যাচারের মতো গুরুতর অভিযোগও তাঁর বিরুদ্ধে তোলা হয়।স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই সুজয় হাজরা ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠলেও প্রশাসনের তরফে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ২০২১ সালের একটি প্রতারণা মামলায় অভিযোগ, জেলা সভাপতি থাকাকালীন কারখানা স্থাপনের জন্য জমি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে এক ব্যক্তির কাছ থেকে লক্ষাধিক টাকা নেওয়া হয়। কিন্তু পরে সেই প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি এবং অভিযোগকারীকে বারবার ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে দাবি।এই ঘটনায় সুজয় হাজরার বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে। তদন্তের স্বার্থে পুলিশ আদালতে ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানায়। তবে মামলার শুনানি শেষে বিচারক অভিযুক্তকে ৮ দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।