নিজস্ব সংবাদদাতা, কোলাঘাট: ৯ই জুন মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকা প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার পর রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছিল ঘাটালের সাংসদ দীপক অধিকারী (দেব)-কে ঘিরে। তবে সেই জল্পনায় কার্যত জল ঢেলে দিয়ে নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন তিনি।প্রশাসনিক বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দেব জানান, তিনি কোনওভাবেই ‘নতুন তৃণমূল’-এ যোগ দিচ্ছেন না। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাঁর আনুগত্য ও শ্রদ্ধা অটুট রয়েছে বলেও স্পষ্ট করেন ঘাটালের সাংসদ। দেব বলেন, “যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে আছেন, আমি তাঁর সঙ্গেই থাকব। দিদির প্রতি আমার ভালোবাসা ও শ্রদ্ধা আজীবন থাকবে। নতুন তৃণমূলে যাওয়ার কোনও প্রশ্নই নেই।”
কোলাঘাটের প্রশাসনিক বৈঠকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানান তিনি। দেবের কথায়, ঘাটালের দীর্ঘদিনের বন্যা সমস্যা সমাধানের লক্ষ্যে এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুখ্যমন্ত্রীর সহযোগিতায় দ্রুত এই প্রকল্প বাস্তবায়িত হোক, সেটাই তাঁর প্রধান লক্ষ্য।রাজনৈতিক মহলের একাংশ তাঁকে বিদ্রোহী তৃণমূল সাংসদদের তালিকায় রাখার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন দেব। তবে তিনি জানান, তাঁর রাজনীতি কখনও আক্রমণ, বিদ্বেষ বা প্রতিহিংসার উপর ভিত্তি করে নয়। বরং এলাকার মানুষের উন্নয়ন এবং নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করাই তাঁর প্রধান অগ্রাধিকার।দেব বলেন, “আমি ঘাটালের মানুষের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছি, তা পূরণ করতে চাই। উন্নয়নের স্বার্থে রাজ্যের বর্তমান প্রশাসনের সহযোগিতা প্রয়োজন হলে আমি তা চাইব। মানুষের স্বার্থই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।”রাজনৈতিক আনুগত্যের প্রশ্নে স্পষ্ট অবস্থান এবং উন্নয়নমুখী বার্তার মাধ্যমে কোলাঘাটের বৈঠকের পর নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এলেন ঘাটালের সাংসদ দেব।