নিজস্ব সংবাদদাতা: আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রশ্মি গ্রুপের অন্তর্গত ওড়িশা মেটালিক্স প্রাইভেট লিমিটেড (ইউনিট-১) এবং রশ্মি মেটালার্জিক্যাল ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড যৌথভাবে অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে ১২তম আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬ উদযাপন করল। সংস্থার গেস্ট হাউস প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে কর্মীদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

প্রথাগত প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। সুস্বাস্থ্য, ইতিবাচকতা এবং আত্মিক শক্তির বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন সংস্থার সিএসআর কো-অর্ডিনেটর নটবর বিসওয়াল।

তিনি যোগব্যায়ামের গুরুত্ব তুলে ধরে বলেন, বর্তমান ব্যস্ত ও চাপপূর্ণ জীবনে শারীরিক ও মানসিক সুস্থতার জন্য যোগচর্চা অপরিহার্য।অনুষ্ঠানে দুই ইউনিটের ৩০০-রও বেশি কর্মী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। প্রখ্যাত যোগ প্রশিক্ষক সুশ্রী সুলোচনা দাস এবং তাঁর দল বিভিন্ন যোগাসন ও প্রাণায়াম প্রদর্শনের পাশাপাশি কর্মীদের দৈনন্দিন জীবনে যোগব্যায়াম অন্তর্ভুক্ত করার বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেন।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রশ্মি গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর ভাস্কর চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট মৃন্ময় চক্রবর্তী, ভাইস প্রেসিডেন্ট এন.সি. রথ, জিএম (লিগ্যাল) তপন নাথ-সহ সংস্থার একাধিক ঊর্ধ্বতন আধিকারিক। নিজের বক্তব্যে ভাস্কর চৌধুরী কর্মীদের প্রতিদিন অন্তত ৪৫ মিনিট সময় যোগব্যায়ামের জন্য বরাদ্দ রাখার আহ্বান জানান।

তিনি বলেন, “যোগ শুধুমাত্র একটি ব্যায়াম নয়, এটি সুস্থ শরীর, শান্ত মন এবং উন্নত জীবনযাপনের একটি শক্তিশালী মাধ্যম। একটি সুস্থ কর্মীবাহিনীই একটি শক্তিশালী প্রতিষ্ঠানের ভিত্তি গড়ে তোলে।”অনুষ্ঠানের শেষ পর্বে যোগ প্রশিক্ষক দলের পরিবেশনায় ‘বন্দে মাতরম’ গানের সঙ্গে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।