নিজস্ব সংবাদদাতা : প্রতিষ্ঠার ৭৫ বছর পূর্তি তথা প্লাটিনাম জুবিলি উদযাপনের অংশ হিসেবে আইআইটি খড়গপুর এলসেভিয়ারের সহযোগিতায় ‘রিসার্চ ইন্টেগ্রিটি অ্যান্ড পলিসি ফ্রেমওয়ার্ক ২০২৬ (RIPF 2026)’ শীর্ষক একদিনের জাতীয় সিম্পোজিয়ামের আয়োজন করল। গবেষণার নৈতিকতা, সততা এবং দায়িত্বশীল গবেষণা পদ্ধতি নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৬০০-রও বেশি শিক্ষাবিদ, গবেষক, গ্রন্থাগারিক, নীতি-নির্ধারক এবং শিল্পক্ষেত্রের বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন।উদ্বোধনী অধিবেশনে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইআইটি খড়গপুরের পরিচালক অধ্যাপক সুমন চক্রবর্তী, এলসেভিয়ারের আঞ্চলিক সহ-সভাপতি সৌরভ শর্মা এবং ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (ISI), কলকাতা-র প্রাক্তন পরিচালক অধ্যাপক সংঘমিত্র বন্দ্যোপাধ্যায়।

বিশিষ্ট আন্তর্জাতিক অতিথি হিসেবে সংবর্ধিত হন জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ঈশান বর্মন। সিম্পোজিয়ামের আনুষ্ঠানিক সূচনা করেন আইআইটি খড়গপুরের ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি অব ইন্ডিয়া (NDLI)-র গ্রন্থাগারিক এবং যুগ্ম প্রধান গবেষক ড. বি. সূত্রধর। এই গুরুত্বপূর্ণ জাতীয় আলোচনামঞ্চে দেশের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট বিশেষজ্ঞ ও অংশীজনদের একত্রিত করার ক্ষেত্রে তাঁর ভূমিকা বিশেষভাবে প্রশংসিত হয়।সারাদিনব্যাপী আয়োজিত প্রযুক্তিগত অধিবেশন ও আলোচনাগুলিতে গবেষণাক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নৈতিক মানদণ্ড বজায় রাখার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রখ্যাত বক্তাদের বক্তব্য এবং বিশিষ্ট শিক্ষাবিদদের অংশগ্রহণে সিম্পোজিয়ামটি গবেষণা জগতের বর্তমান চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি তুলে ধরে।