সেখ ওয়ারেশ আলী: মেদিনীপুর শহরের রবীন্দ্রনাথ ঠাকুর প্রাঙ্গণ সংলগ্ন পঞ্চুরচক এলাকায় প্রথমবারের মতো স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল সনাতনী সংঘ। মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকের সহযোগিতায় এবং সনাতনী সংঘের সদস্য বরুণ আগরওয়ালের তত্ত্বাবধানে আয়োজিত এই রক্তদান শিবিরে উৎসাহের সঙ্গে অংশ নেন এলাকার বহু স্বেচ্ছাসেবী।

প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধায়ক শংকর গুছাইত। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তি ও সমাজসেবী। অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি রক্তের ব্যাগই সংকটাপন্ন রোগীর জীবনে নতুন আশার আলো এনে দিতে পারে। তাই নিয়মিত স্বেচ্ছায় রক্তদানের মতো মানবিক উদ্যোগ সমাজের প্রতিটি স্তরে আরও ছড়িয়ে পড়া উচিত। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রথমবারের এই রক্তদান শিবিরে মোট ৪৪ জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত সমস্ত রক্ত মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়, যা ভবিষ্যতে জরুরি প্রয়োজনে রোগীদের চিকিৎসায় ব্যবহার করা হবে। প্রথমবারের এই উদ্যোগকে ঘিরে পঞ্চুরচক এলাকায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়। আয়োজকদের আশা, আগামী দিনে আরও বৃহত্তর পরিসরে এই ধরনের মানবিক কর্মসূচির আয়োজন করা হবে এবং আরও বেশি মানুষ স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান, বরুণ আগরওয়াল-সহ সনাতনী সংঘের অন্যান্য সদস্য, শুভানুধ্যায়ী ও বিশিষ্ট নাগরিকরা।