Skip to content

আমতলায় মাটি ধসে ভেঙে পড়ার আশঙ্কা শহীদ ক্ষুদিরামের আবক্ষ মূর্তি, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি!

নিজস্ব সংবাদদাতা: মেদিনীপুর শহরের উপকণ্ঠে খড়গপুর ২২৮ গ্রামীণের অন্তর্গত আমতলার ক্ষুদিরাম পার্কে অবস্থিত জেলার সর্ববৃহৎ শহীদ ক্ষুদিরাম বসুর আবক্ষ মূর্তি বর্তমানে ধসে পড়ার আশঙ্কায় রয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দ্বিতীয় কাঁসাই সেতুর নির্মাণকাজের জন্য মূর্তির পাদদেশের মাত্র এক মিটার দূরে গভীর গর্ত খোঁড়া হয়েছে। টানা বর্ষণে বেলে মাটি ধসে পড়ায় মূর্তির ভিত্তি দুর্বল হয়ে পড়েছে এবং যে কোনও মুহূর্তে এটি ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। উল্লেখ্য, ১৯৯৮ সালের ২৫ ফেব্রুয়ারি ডিওয়াইএফআই-এর উদ্যোগে স্থাপিত এই আবক্ষ মূর্তির উদ্বোধন করেছিলেন আজাদ হিন্দ ফৌজের প্রাক্তন ক্যাপ্টেন লক্ষ্মী সায়গল। দীর্ঘ ২৮ বছর ধরে এটি জেলার অন্যতম ঐতিহাসিক স্মারক হিসেবে পরিচিত। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে সরব হয়েছেন সাংবাদিক তথা শিক্ষক বুদ্ধদেব দাস, শিক্ষক সুদীপ খাঁড়াসহ বিশিষ্টজনেরা। ডিওয়াইএফআই-ও জেলাশাসকের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। শনিবার সরেজমিনে এলাকা পরিদর্শন করেন সমাজকর্মী রাহুল কোলে ও শিক্ষক দিলীপ প্রামাণিক। রাহুল কোলে বলেন, ক্ষুদিরামের এই স্মারক মেদিনীপুরের গর্ব ও ইতিহাসের অংশ। অবিলম্বে কংক্রিটের গার্ডওয়াল বা স্থায়ী সুরক্ষা ব্যবস্থা না করা হলে ঐতিহাসিক এই মূর্তিটি বিপদের মুখে পড়বে। প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে স্থানীয় মানুষকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তিনি। এখন নজর জেলা প্রশাসন ও সেতু নির্মাণকারী সংস্থার দিকে—ঐতিহাসিক এই স্মারক রক্ষায় তারা কত দ্রুত পদক্ষেপ করে, সেটাই দেখার।

Latest