Skip to content

ঘাটাল হাসপাতালের নার্সদের শুভেচ্ছা জানালেন ঘাটালের নবনিযুক্ত বিধায়ক শীতল কপাট।

সুমন মণ্ডল,ঘাটাল: আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে ঘাটাল মহকুমা হাসপাতালে উপস্থিত হয়ে নার্সদের শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন ঘাটাল বিধানসভার নবনিযুক্ত বিধায়ক শীতল কপাট। এদিন হাসপাতালের নার্সদের হাতে ফুল ও শুভেচ্ছা বার্তা তুলে দিয়ে তাঁদের কাজের প্রতি সম্মান জ্ঞাপন করেন তিনি।হাসপাতাল চত্বরে আয়োজিত এই সৌজন্য অনুষ্ঠানে এক আন্তরিক ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বিধায়কের কাছ থেকে সম্মান ও শুভেচ্ছা পেয়ে খুশি প্রকাশ করেন হাসপাতালের নার্সরাও।এদিন শীতল কপাট বলেন, “রোগীদের সুস্থ করে তুলতে নার্সদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিনরাত পরিশ্রম করে তাঁরা মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রাখেন। তাঁদের এই নিষ্ঠা, দায়িত্ববোধ ও মানবিকতার প্রতি সম্মান জানাতেই আমাদের এই উদ্যোগ।”তিনি আরও বলেন, “সেবাই সংগঠন, সেবা করাই আমাদের ধর্ম। শুধু সরকারে এসেছি বলেই আজ এই শুভেচ্ছা জানাচ্ছি না, অতীতেও আমরা নার্সদের সম্মান জানিয়েছি। স্বাস্থ্য ব্যবস্থা যেভাবে ভেঙে পড়েছে, সেটা আমরা চাই না। আমরা চাই স্বাস্থ্য ব্যবস্থাকে আবার শক্ত ভিতের উপর দাঁড় করাতে এবং আরও পরিপক্ক করে তুলতে।”স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন নিয়েও এদিন গুরুত্বপূর্ণ বার্তা দেন বিধায়ক। তাঁর বক্তব্য, সাধারণ মানুষ যাতে সঠিক চিকিৎসা ও পরিষেবা পান, রোগীদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যরাও যাতে নিরাপদ ও সুরক্ষিত থাকেন, সেই লক্ষ্য নিয়েই কাজ করতে চায় নতুন সরকার। পাশাপাশি স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত ও শক্তিশালী করার দিকেও জোর দেওয়া হবে বলে জানান তিনি।আন্তর্জাতিক নার্স দিবসে ঘাটাল মহকুমা হাসপাতালে এই বিশেষ উদ্যোগ ঘিরে হাসপাতাল কর্মী ও সাধারণ মানুষের মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত নার্সদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানিয়ে দিনটি উদযাপিত হয় আন্তরিক আবহে।

Latest