নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর জেলার পিংলায় পাকিস্তানি গুপ্তচরচক্রের যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য! গভীর রাতে অভিযান চালিয়ে শেখ মুরসালিন ও গৌতম খাঁড়া নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। তদন্তকারীদের দাবি, ধৃতরা ওটিপি (OTP) এবং মোবাইল ডেটা পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই (ISI)-এর কাছে পাচার করত।সূত্রের খবর, গ্রেপ্তার হওয়া গৌতম খাঁড়ার একটি মোবাইল সিমের দোকান ছিল। অভিযোগ, গ্রাহকদের পরিচয়পত্র ব্যবহার করে বেআইনিভাবে বিপুল সংখ্যক প্রি-অ্যাক্টিভেটেড সিম চালু করা হতো। পরে সেই সিমের নম্বর ও ওটিপি শেখ মুরসালিনের মাধ্যমে পাকিস্তানে পাঠানো হত। তদন্তকারীদের দাবি, এক একটি ওটিপি ২ হাজার থেকে আড়াই হাজার টাকার বিনিময়ে বিক্রি করা হতো।ধৃতদের কাছ থেকে একাধিক মোবাইল ফোন এবং প্রচুর প্রি-অ্যাক্টিভেটেড সিম কার্ড উদ্ধার হয়েছে। তদন্তে উঠে এসেছে, ওই ভারতীয় মোবাইল নম্বরগুলি ব্যবহার করে পাকিস্তানে বসে ভুয়ো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করা হচ্ছিল এবং সেগুলির মাধ্যমে ভারতে নাশকতামূলক কর্মকাণ্ডের ছক কষা হতো বলে সন্দেহ।

ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায়। যদিও গোটা বিষয়টি নিয়ে জেলা পুলিশের কাছে প্রথমদিকে বিস্তারিত তথ্য ছিল না বলেই সূত্রের দাবি। এ প্রসঙ্গে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানা জানান, তদন্তকারী সংস্থাকে প্রয়োজনীয় সবরকম সহযোগিতা করবে জেলা পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে এসটিএফ এবং ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।