Skip to content

জেলা তৃণমূলে অস্বস্তি বাড়ালেন প্রদীপ সরকার, সাধারণ সম্পাদক পদ ছেড়ে দলত্যাগ!

নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসে ফের ধাক্কা। জেলার সাধারণ সম্পাদক পদে নিয়োগের মাত্র একদিনের মধ্যেই দল থেকে ইস্তফা দিলেন প্রদীপ সরকার। বুধবার তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে পাঠানো এক চিঠিতে তিনি নিজের পদ ও দলীয় দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার কথা জানান।ইস্তফাপত্রে প্রদীপ সরকার উল্লেখ করেছেন, ব্যক্তিগত কারণবশত তিনি আর দলীয় দায়িত্ব পালন করতে পারছেন না। তাই সাধারণ সম্পাদক পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। একইসঙ্গে তিনি দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের আদর্শ ও সংগঠনের প্রতি সমর্থনের কথা উল্লেখ করে দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে খড়গপুর সদর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন প্রদীপ সরকার। সম্প্রতি তাঁকে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু সেই দায়িত্ব পাওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই তাঁর ইস্তফা ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।যদিও ইস্তফার কারণ হিসেবে তিনি ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করেছেন, তবুও এই আকস্মিক সিদ্ধান্তকে ঘিরে জেলা রাজনীতিতে নানা জল্পনা তৈরি হয়েছে। তৃণমূল নেতৃত্বের তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Latest