অভিজিৎ সাহা : বিধানসভা নির্বাচনে জয়ের পর প্রথম প্রশাসনিক বৈঠকেই সক্রিয় ভূমিকা নিলেন শালবনীর নবনির্বাচিত বিধায়ক বিমান মাহাতো। বৃহস্পতিবার গড়বেতা-৩ সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয়ে অনুষ্ঠিত হয় তাঁর প্রথম প্রশাসনিক বৈঠক। নতুন বিধায়ককে ফুলের তোড়া ও পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানানো হয়। বৈঠক ঘিরে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।এদিন এলাকার উন্নয়ন, প্রশাসনিক কাজের গতি বৃদ্ধি এবং সাধারণ মানুষের সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করেন বিধায়ক। পাশাপাশি জাতীয় ডেঙ্গু দিবস উপলক্ষে গড়বেতা-৩ ব্লকের আটটি পঞ্চায়েতে কর্মরত ভিআরপি কর্মীদের তাঁদের কাজের স্বীকৃতি হিসেবে সম্মাননা প্রদান করা হয়।

বিধায়ক স্বয়ং তাঁদের হাতে সম্মান তুলে দেন।বৈঠকে উপস্থিত ছিলেন গড়বেতা-৩ ব্লকের বিডিও দীপাঞ্জন ভট্টাচার্য-সহ ব্লক প্রশাসনের একাধিক আধিকারিক ও কর্মী।অনুষ্ঠানে উপস্থিত ভিআরপি কর্মীরা দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়ার বিষয় তুলে ধরেন বিমান মাহাতোর সামনে। সব অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন তিনি এবং আশ্বাস দেন, বিষয়গুলি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিয়ে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা হিসেবে বিমান মাহাতো জানান, খুব শীঘ্রই সাধারণ মানুষের সুবিধার্থে একটি টোল ফ্রি নম্বর চালু করা হবে। যাতে এলাকার মানুষ সরাসরি তাঁদের সমস্যা, অভিযোগ বা প্রয়োজনের কথা বিধায়ককে জানাতে পারেন। এই ঘোষণাকে কেন্দ্র করে ইতিমধ্যেই এলাকায় ইতিবাচক সাড়া পড়েছে।