নিজস্ব সংবাদদাতা : পরিবেশ সংরক্ষণ, বনায়ন এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে ১৪ থেকে ২০ জুলাই পর্যন্ত রাজ্যজুড়ে পালিত হচ্ছে অরণ্য সপ্তাহ ২০২৬। এ বছর সমগ্র পশ্চিমবঙ্গে ৭ কোটি ২০ লক্ষ চারাগাছ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই কর্মসূচির মূল লক্ষ্য পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও নিরাপদ পরিবেশ গড়ে তোলা।উল্লেখ্য, চলতি বছরের ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘একটি গাছ মায়ের নামে’ কর্মসূচির সূচনা করেন। সেই উদ্যোগের ধারাবাহিকতায় পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই প্রায় ৭ লক্ষ ৫০ হাজার চারাগাছ রোপণ করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।মঙ্গলবার (১৪ জুলাই) পশ্চিম মেদিনীপুর জেলার শহীদ প্রদ্যোৎ স্মৃতি সদন ও জেলা পরিষদ প্রাঙ্গণে অরণ্য সপ্তাহের জেলাস্তরীয় উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়।

সকাল ১০টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে পরিবেশ রক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা (IAS), পুলিশ সুপার পাপিয়া সুলতানা (IPS), ড. এস. কুনালডাইভাল, বিভাগীয় বনাধিকারিক জোন্স জাস্টিন এস (IFS), বিধায়ক রমাপ্রসাদ গিরি, সুকান্ত দোলুই, ড. শঙ্কর কুমার গুছাইত, বিমান মাহাতো, জেলার বিভিন্ন প্রশাসনিক আধিকারিক এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দীপান্বিতা জানা।অনুষ্ঠানের অংশ হিসেবে আনুষ্ঠানিক বৃক্ষরোপণ, সবুজায়নের শোভাযাত্রা, পরিবেশ, বন ও জীববৈচিত্র্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত অতিথিরা বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং সাধারণ মানুষকে এই উদ্যোগে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।জেলা প্রশাসন জানিয়েছে, অরণ্য সপ্তাহ উপলক্ষে আগামী ২০ জুলাই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় জেলার ছাত্র-ছাত্রীদের নিয়ে পরিবেশ বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সপ্তাহব্যাপী এই কর্মসূচির সমাপ্তি হবে।অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, তীব্র তাপপ্রবাহ, অনিয়মিত বৃষ্টিপাত এবং পরিবেশগত ভারসাম্যহীনতা বিশ্ববাসীর অন্যতম বড় চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে বৃক্ষরোপণই হতে পারে সবচেয়ে কার্যকর এবং দীর্ঘমেয়াদি সমাধানের অন্যতম পথ। একটি চারাগাছ শুধু একটি গাছ নয়, এটি আগামী প্রজন্মের জন্য নির্মল পরিবেশ, বিশুদ্ধ বাতাস এবং নিরাপদ ভবিষ্যতের প্রতীক।অনুষ্ঠানের শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকলের উদ্দেশে আবেদন জানানো হয়, অরণ্য সপ্তাহ উপলক্ষে প্রত্যেকে অন্তত একটি করে চারাগাছ রোপণ করুন এবং তার নিয়মিত পরিচর্যার দায়িত্ব নিন। সম্মিলিত প্রচেষ্টাতেই গড়ে উঠতে পারে আরও সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব পশ্চিমবঙ্গ।