অভিজিৎ সাহা : রাজ্যের জনপ্রিয় সামাজিক প্রকল্প ‘লক্ষ্মীর ভান্ডার’ নিয়ে এবার বিতর্ক ছড়াল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায়। অভিযোগ, একজন পুরুষ হয়েও লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পাচ্ছেন স্থানীয় এক তৃণমূল নেতা। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের মনোহরপুর ২ গ্রাম পঞ্চায়েত এলাকায়।স্থানীয় বিজেপি কর্মীদের দাবি, মনোহরপুর এলাকার বাসিন্দা তথা তৃণমূল নেতা ও পেশায় ঠিকাকর্মী উত্তম কুমার সাউয়ের নামে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকছে। অথচ এই প্রকল্প শুধুমাত্র মহিলাদের জন্য। বিজেপির অভিযোগ, সরকারি প্রকল্পে অনিয়মের এটি স্পষ্ট উদাহরণ। ঘটনার তদন্ত করে টাকা ফেরত নেওয়া এবং অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিও তুলেছে তারা।বিজেপি নেতা সবুজ মজুমদার বলেন, পঞ্চায়েতের তালিকা খতিয়ে দেখেই বিষয়টি সামনে এসেছে। অন্যদিকে অভিযুক্ত উত্তম কুমার সাউ সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, তাঁর নামে সুবিধা দেখানো হলেও সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও ফোন নম্বর অন্য কারও। বিষয়টি তিনিও জানতেন না বলে দাবি করেন তিনি।ঘটনার কথা স্বীকার করেছেন মনোহরপুর ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান মাধুরী সিংহ দোলই। তাঁর দাবি, প্রাথমিকভাবে এটি একটি প্রযুক্তিগত ত্রুটি বলেই মনে হচ্ছে। তবে অভিযোগ সামনে আসতেই এলাকায় রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে।
পুরুষ হয়েও ‘লক্ষ্মীর ভান্ডার’-এর সুবিধাভোগী তৃণমূল নেতা! চন্দ্রকোনায় চাঞ্চল্য