নিজস্ব সংবাদদাতা : সরকারি দপ্তরগুলিতে বিদ্যুৎ অপচয় রোধ এবং শক্তি সাশ্রয় নিশ্চিত করতে নতুন নির্দেশিকা জারি করলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা। নির্দেশিকায় বলা হয়েছে, অফিসের কাজ শেষ করে বেরিয়ে যাওয়ার সময় অবশ্যই আলো, ফ্যান, এসি, কম্পিউটার-সহ সমস্ত বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ করতে হবে।প্রশাসনের মতে, এই উদ্যোগ শুধুমাত্র বিদ্যুৎ সাশ্রয়ের জন্য নয়, বরং সরকারি সম্পদের সুরক্ষা ও রক্ষণাবেক্ষণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অপ্রয়োজনীয়ভাবে বৈদ্যুতিক যন্ত্র চালু থাকলে বিদ্যুতের অপচয়ের পাশাপাশি যন্ত্রপাতির আয়ু কমে যাওয়ার আশঙ্কা থাকে। এছাড়াও শর্ট সার্কিট বা অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে যায়। জেলা প্রশাসনের এই নির্দেশনাকে সময়োপযোগী ও দায়িত্বশীল পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। সরকারি কর্মীদের মধ্যে শক্তি সাশ্রয় ও সম্পদ সংরক্ষণের সচেতনতা গড়ে তোলার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।