Skip to content

শেষাদ্রী ডান্স একাডেমীর উদ্যোগে দু’দিনব্যাপী নৃত্য কর্মশালা, অংশ নিলেন দেড় শতাধিক শিক্ষার্থী!

নিজস্ব প্রতিনিধি : পশ্চিম মেদিনীপুর জেলার অন্যতম অগ্রণী নৃত্যশিক্ষা প্রতিষ্ঠান নৃত্যশিল্পী শেষাদ্রী মিশ্র পরিচালিত ‘শেষাদ্রী ডান্স একাডেমী’র উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত হলো দু’দিনব্যাপী নৃত্য কর্মশালা। মেদিনীপুর শহরের শ্যামসংঘ ভবনে আয়োজিত এই বিশেষ কর্মশালায় মুখ্য প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নৃত্যগুরু ও ‘ভারত বিভূষণ’ সম্মানপ্রাপ্ত আচার্যা অনুসূয়া ঘোষ ব্যানার্জী।‘সৃজন’ শীর্ষক এই কর্মশালায় ভারতনাট্যম এবং সৃজনশীল নৃত্যধারার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত প্রশিক্ষণ ও আলোচনা অনুষ্ঠিত হয়। একাডেমির শিক্ষার্থীদের পাশাপাশি মেদিনীপুর শহর ও সংলগ্ন এলাকার বহু নৃত্যশিল্পী এবং নৃত্যপ্রেমী শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন।

মোট দেড় শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে কর্মশালাটি প্রাণবন্ত হয়ে ওঠে।দুই দিনের নিবিড় প্রশিক্ষণ পর্ব শেষে এক বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট নৃত্যশিল্পী সবিতা সাহা, সাগরিকা ঘোষ, সহেলী বেরা খান, শমীক সিনহা, রীমা কর্মকার, সোমা পড়িয়া, অন্তরা সরকার, শিল্পা সেন-সহ জেলার একাধিক বিশিষ্ট নৃত্যব্যক্তিত্ব।কর্মশালার সফল আয়োজন ও সুষ্ঠু সম্পন্ন হওয়ায় অংশগ্রহণকারী শিল্পী, প্রশিক্ষক, শিক্ষার্থী এবং সহযোগীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন একাডেমির কর্ণধার ও কর্মশালার মুখ্য উদ্যোক্তা শেষাদ্রী মিশ্র। তিনি জানান, ভবিষ্যতেও নৃত্যচর্চা ও সাংস্কৃতিক বিকাশের লক্ষ্যে এ ধরনের কর্মসূচি আয়োজনের উদ্যোগ অব্যাহত থাকবে।

Latest