নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে বন্ধুর জন্মদিনের আনন্দ মুহূর্ত নিমেষে পরিণত হল শোকে। শুক্রবার বিকেলে আগরবাঁধ এলাকার জঙ্গল সংলগ্ন এলাকায় বজ্রপাতে মৃত্যু হল দুই কিশোরের। মৃতদের নাম রূপক চৈরা ও অয়ন গোস্বামী। দু’জনেরই বয়স ১৫ বছর এবং তারা স্থানীয় বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক বন্ধুর জন্মদিন উপলক্ষে কয়েকজন কিশোর মিলে জঙ্গলের ধারে পিকনিকের আয়োজন করেছিল। রান্নাবান্না ও খাওয়া-দাওয়ার মাঝেই আচমকা আবহাওয়ার পরিবর্তন ঘটে। কালো মেঘে ঢেকে যায় আকাশ, শুরু হয় প্রবল ঝড়-বৃষ্টি। নিরাপদ আশ্রয়ে যাওয়ার আগেই ভয়াবহ বজ্রপাত হয় পিকনিক স্থলের কাছেই। ঘটনাস্থলেই মৃত্যু হয় রূপক ও অয়নের। অন্যরা অল্পের জন্য প্রাণে বেঁচে যায়।বজ্রপাতের শব্দ ও কিশোরদের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। খবর দেওয়া হয় গোয়ালতোড় থানায়। পরে দুই কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।এই ঘটনায় গোটা আগরবাঁধ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মৃতদের পরিবারে কান্নার রোল উঠেছে।এদিকে নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ঝড়-বৃষ্টিজনিত ঘটনায় রাজ্যজুড়ে মোট ৭ জনের মৃত্যু হয়েছে। মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে বলেও ঘোষণা করেছেন তিনি। পাশাপাশি আহতদের চিকিৎসার সমস্ত দায়িত্ব রাজ্য সরকার নেবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
পিকনিক করতে গিয়ে আর ফেরা হল না, বজ্রপাতে মৃত্যু মেদিনীপুরের দুই বন্ধুর