অভয়ার স্মরণে মেদিনীপুর মেডিকেলে দুই মিনিট নীরবতা, ন্যায়বিচারের দাবিতে ফের সরব চিকিৎসক-পড়ুয়ারা!
সেখ ওয়ারেশ আলী : দু’বছর পেরিয়ে গেলেও সেই মর্মান্তিক ঘটনার স্মৃতি এখনও অমলিন। অভয়ার স্মরণে সারা রাজ্যের পাশাপাশি মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালেও পালন করা হলো দুই মিনিটের নীরবতা কর্মসূচি। এদিন মেডিকেল কলেজ চত্বরে চিকিৎসক, পড়ুয়া এবং জুনিয়র ডাক্তাররা একসঙ্গে দাঁড়িয়ে অভয়ার প্রতি শ্রদ্ধা জানান।দু’বছর আগে কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গোটা রাজ্যজুড়ে প্রতিবাদের ঢেউ উঠেছিল।

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা, কর্মক্ষেত্রে সুরক্ষিত পরিবেশ এবং ন্যায়বিচারের দাবিতে দীর্ঘ আন্দোলনও গড়ে ওঠে।সময় পেরিয়ে গেলেও সেই ঘটনার স্মৃতি এখনও মানুষের মনে তাজা। অভয়ার স্মরণে এদিনের নীরবতা শুধু একজন তরুণী চিকিৎসকের প্রতি শ্রদ্ধা নিবেদন নয়, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা এবং কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশের দাবিকেও ফের সামনে নিয়ে আসে।দুই মিনিটের নীরবতার মধ্যেই যেন স্পষ্ট হয়ে ওঠে একটাই বার্তা—অভয়ার জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। চিকিৎসক, পড়ুয়া ও জুনিয়র ডাক্তাররা নতুন সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে দ্রুত ও সঠিক ন্যায়বিচারের প্রত্যাশা জানান।