মেধাবীদের উৎসাহে অনন্য উদ্যোগ, ঘাটালে ভারতীয় রেডক্রসের সম্মাননা অনুষ্ঠান!
নিজস্ব সংবাদদাতা : ভারতীয় রেডক্রস সোসাইটি, ঘাটাল শাখার উদ্যোগে এবং দিলীপ কুমার গুছাইত চ্যারিটেবল ট্রাস্ট-এর সহযোগিতায় আয়োজিত হল ‘মেধা সম্মাননা ও উৎসাহ প্রদান-২০২৬’ অনুষ্ঠান। ঘাটাল মহকুমার ২০২৬ সালের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও হাই মাদ্রাসা পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয় এই অনুষ্ঠানে।

অনুষ্ঠানের অফিসিয়াল পার্টনার ছিল কোলাঘাট গ্রীন ট্রাভেলার্স। অনুষ্ঠানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং হাই মাদ্রাসা পরীক্ষায় সাফল্য অর্জনকারী ছাত্রছাত্রীদের হাতে স্মারক, সম্মানপত্র ও শুভেচ্ছা স্মারক তুলে দিয়ে তাঁদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানানো হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মেধাবী পড়ুয়াদের উৎসাহিত করা এবং শিক্ষার প্রতি আরও আগ্রহী করে তোলাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাসিম সাবির, ডেপুটি কালেক্টর; মৃদুল শ্রীমানী, ডেপুটি ম্যাজিস্ট্রেট; সমাজসেবী দিলীপ কুমার গুছাইত; হিমাদ্রি ঘোষ, এডিআই; সৌমেন দে, এসআই; ভারতীয় রেডক্রস সোসাইটি, ঘাটাল শাখার সদস্যবৃন্দ এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা কৃতী ছাত্রছাত্রীদের অভিনন্দন জানিয়ে তাঁদের ভবিষ্যৎ জীবনে আরও বড় সাফল্য অর্জনের জন্য শুভেচ্ছা জানান। পাশাপাশি শিক্ষার গুরুত্ব, সমাজ গঠনে তরুণ প্রজন্মের ভূমিকা এবং মেধাকে যথাযথভাবে বিকশিত করার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।

এই সম্মাননা অনুষ্ঠানকে ঘিরে কৃতী ছাত্রছাত্রী, তাঁদের অভিভাবক এবং শিক্ষকমণ্ডলীর মধ্যে ছিল উৎসবের আবহ। আয়োজকদের এই উদ্যোগকে শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছেন উপস্থিত সকলেই।