সুমন মণ্ডল: দীর্ঘদিনের বকেয়া বেতন পরিশোধের দাবিতে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা পুরসভার সামনে অবস্থান-বিক্ষোভে সামিল হলেন ভেক্টর কন্ট্রোল টিম (VCT)-এর কর্মীরা। বুধবার সকালে পুরসভার মূল প্রবেশদ্বারের সামনে বিক্ষোভে অংশ নেন পুরসভার ১২টি ওয়ার্ডে কর্মরত মোট ৮৪ জন VCT কর্মী। তাঁদের বিক্ষোভ ঘিরে কিছু সময়ের জন্য এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিক্ষোভকারী কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁদের প্রাপ্য বেতন ও অন্যান্য বকেয়া অর্থ পরিশোধ করা হয়নি। একাধিকবার পুরসভা কর্তৃপক্ষের কাছে লিখিত ও মৌখিকভাবে বিষয়টি জানানো হলেও এখনও পর্যন্ত কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে চরম আর্থিক সংকটের মধ্যে দিন কাটাতে হচ্ছে তাঁদের এবং পরিবারের সদস্যদের। কর্মীদের দাবি, তাঁরা নিয়মিতভাবে মশাবাহিত রোগ প্রতিরোধে মাঠে কাজ করছেন। ডেঙ্গু, ম্যালেরিয়া-সহ বিভিন্ন সংক্রামক রোগ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও তাঁদের ন্যায্য পারিশ্রমিক সময়মতো দেওয়া হচ্ছে না। এতে কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিক্ষোভকারীরা স্পষ্ট জানিয়েছেন, অবিলম্বে সমস্ত বকেয়া বেতন পরিশোধ করতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। প্রয়োজনে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটারও ইঙ্গিত দিয়েছেন VCT কর্মীরা। এদিন বিক্ষোভ চলাকালীন কর্মীরা বিভিন্ন স্লোগান তুলে দ্রুত সমস্যার সমাধানের দাবি জানান। তবে এই বিষয়ে চন্দ্রকোণা পুরসভার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বকেয়া বেতনের দাবিতে চন্দ্রকোণা পুরসভার সামনে VCT কর্মীদের অবস্থান-বিক্ষোভ, দ্রুত মজুরি মেটানোর দাবি