নিজস্ব সংবাদদাতা : তাপস মাইতির পরিচালনায় নির্মিত তথ্যকাহিনী চিত্র ‘করুণাসাগর বিদ্যাসাগর’ আগামী ৯ জুলাই কলকাতার নন্দনে প্রদর্শিত হতে চলেছে। ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ অফ ইন্ডিয়া আয়োজিত সাউথ এশিয়া ফিল্ম ফেস্টিভ্যাল-এ ছবিটি প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। ঊনবিংশ শতকের সমাজসংস্কারক ও শিক্ষাবিদ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবন, কর্ম এবং মানবিক আদর্শকে কেন্দ্র করে নির্মিত এই ছবির চিত্রনাট্য রচনা করেছেন শ্রীকান্ত ভট্টাচার্য।

ছবির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সৌমিত্র রায়, দীপান্বিতা জানা, শান্তনু অধিকারী, হারাধন দুয়ারী, চায়না পাল, ইন্দ্রজিৎ সিনহা, প্রদীপ রাউৎ, দেবনাথ মাইতি, উত্তম পানি এবং সন্দীপ ব্যানার্জীসহ একাধিক শিল্পী।চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনার পাশাপাশি কণ্ঠ দিয়েছেন সমীর মহান্তি। নির্মাতাদের আশা, বিদ্যাসাগরের মানবিক চেতনা ও সমাজ সংস্কারের আদর্শকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এই তথ্যকাহিনী চিত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।সাউথ এশিয়া ফিল্ম ফেস্টিভ্যালের মতো আন্তর্জাতিক মানের মঞ্চে ছবিটির প্রদর্শন বাংলা চলচ্চিত্র জগতের জন্যও একটি উল্লেখযোগ্য সাফল্য বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।