নিজস্ব সংবাদদাতা : বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে নারী সুরক্ষা ও র্যাগিং বিরোধী সচেতনতা, ‘জিরো টলারেন্স’ বার্তা উপাচার্যের!নারী সুরক্ষা, ভয়হীন ক্যাম্পাস এবং র্যাগিং বিরোধী ব্যবস্থা নিয়ে সচেতনতা বাড়াতে বৃহস্পতিবার, ২৩ জুলাই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে একটি বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ডিন অব স্টুডেন্টস ওয়েলফেয়ারের কার্যালয়ের উদ্যোগে বি. এন. সাসমল হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানা, IPS।উদ্বোধনী বক্তব্যে উপাচার্য সকল ছাত্রছাত্রীর জন্য নিরাপদ, সুরক্ষিত ও ভয়হীন ক্যাম্পাস গড়ে তোলার প্রয়োজনীয়তার উপর জোর দেন।

বিশ্ববিদ্যালয়ে র্যাগিংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি ছাত্রছাত্রীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, মর্যাদা ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।পুলিশ সুপার পাপিয়া সুলতানা নারী সুরক্ষার বিভিন্ন দিক, আইনি অধিকার এবং হেল্পলাইন পরিষেবা সম্পর্কে ছাত্রছাত্রীদের সচেতন করেন।কোনও ধরনের সমস্যার মুখোমুখি হলে ভয় না পেয়ে তা জানানোর জন্য বিশেষভাবে ছাত্রীদের উৎসাহিত করেন তিনি। পাশাপাশি আত্মনির্ভরশীল হয়ে ওঠার উপরও জোর দেন পুলিশ সুপার।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জ্যোতির্ময় ঘোষ এবং রুসিতা কর। উপস্থিত ছিলেন কলা ও বাণিজ্য অনুষদের ডিন, বিজ্ঞান অনুষদের ডিন, রেজিস্ট্রার, ডিন অব স্টুডেন্টস ওয়েলফেয়ার, অ্যান্টি-র্যাগিং কমিটির চেয়ারম্যান-সহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা, প্রশাসনিক আধিকারিক এবং বিপুল সংখ্যক ছাত্রছাত্রী।