অভিজিৎ সাহা: পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট বাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে রবিবার চন্দ্রকোনা রোড সেন্ট্রাল বাস স্ট্যান্ড সংলগ্ন অ্যাসোসিয়েশনের অফিস ভবনে আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। থ্যালাসেমিয়া ও অন্যান্য মুমূর্ষ রোগীদের সাহায্যার্থে অনুষ্ঠিত এই শিবিরে সহযোগিতা করে সাউথ ক্যালকাটা থ্যালাসেমিয়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এদিন মোট ৫৫ জন স্বেচ্ছায় রক্তদান করেন। বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের পাশাপাশি বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মানবিক এই উদ্যোগকে ঘিরে এলাকায় উৎসাহের পরিবেশ তৈরি হয়।রক্তদান শিবিরের পাশাপাশি চন্দ্রকোনা রোড এলাকার চারটি বিদ্যালয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে কৃতিত্ব অর্জনকারী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনাও দেওয়া হয়। সংবর্ধিতদের হাতে স্মারক ও শুভেচ্ছা তুলে দেন অতিথিরা। উচ্চমাধ্যমিকে রাজ্যের মধ্যে দশম স্থানাধিকারী কৃষ্ণ নন্দীকেও বিশেষভাবে সম্মান জানানো হয়।সংগঠনের পক্ষ থেকে সৌমিক কারক জানান, সমাজসেবার পাশাপাশি শিক্ষাক্ষেত্রে কৃতী ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করতেই এই উদ্যোগ। আগামী দিনেও এ ধরনের কর্মসূচি চালিয়ে যাওয়ার আশ্বাস দেন তিনি।
চন্দ্রকোনা রোডে স্বেচ্ছায় রক্তদান শিবির ও কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা