সেখ ওয়ারেশ আলী : নারী ক্ষমতায়ন এবং মহিলাদের নিরাপদ ও স্বচ্ছন্দ যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে বিজেপি সরকারের ঘোষণামতো ১ জুন থেকে রাজ্যে সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাত্রা পরিষেবা চালু হলো। মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন মেদিনীপুরের বিধায়ক ডাঃ শংকর গুছাইত।নতুন ব্যবস্থার আওতায় মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে চলাচলকারী সমস্ত সরকারি বাসে মহিলারা সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। এই সুবিধা পেতে যাত্রীদের শুধুমাত্র ভোটার কার্ড বা আধার কার্ড প্রদর্শন করতে হবে।

কোনও ধরনের ভাড়া দিতে হবে না।পরিষেবা শুরুর প্রথম দিনেই বাসে যাত্রা করা মহিলাদের হাতে গোলাপ ফুল ও চকলেট তুলে দিয়ে শুভেচ্ছা জানান বিধায়ক এবং পরিবহণ দফতরের আধিকারিকরা। এই উদ্যোগকে ঘিরে বাস স্ট্যান্ডে উৎসবের আবহ তৈরি হয়।সরকারের এই সিদ্ধান্তে খুশি স্কুল-কলেজের ছাত্রী, কর্মজীবী মহিলা এবং সাধারণ যাত্রীরা। যদিও প্রথম দিনে অনেকেই নতুন পরিষেবা সম্পর্কে অবগত না থাকায় নিয়মমাফিক টিকিট কেটে যাত্রা করেন।

পরে বিষয়টি জানার পর তাঁরা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানান।মহিলাদের বক্তব্য, বিনামূল্যে যাতায়াতের ফলে দৈনন্দিন খরচ অনেকটাই কমবে এবং কর্মক্ষেত্র, শিক্ষা প্রতিষ্ঠান বা অন্যান্য গন্তব্যে পৌঁছানো আরও সহজ হবে। নারী কল্যাণ, অর্থনৈতিক সাশ্রয় এবং ক্ষমতায়নের ক্ষেত্রে এই প্রকল্পকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখছেন সাধারণ মানুষ।