২০% ডিএ বৃদ্ধির ঘোষণায় খুশির হাওয়া, মেদিনীপুরে মিষ্টিমুখ করে বাজেটকে স্বাগত সরকারি কর্মীদের!

২০% ডিএ বৃদ্ধির ঘোষণায় খুশির হাওয়া, মেদিনীপুরে মিষ্টিমুখ করে বাজেটকে স্বাগত সরকারি কর্মীদের!

সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুর: রাজ্যে নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটকে ঘিরে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে সরকারি কর্মচারী, শিক্ষক, অবসরপ্রাপ্ত কর্মী এবং সাধারণ মানুষের মধ্যে। সোমবার বিধানসভায় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বাজেট পেশ করার পর থেকেই বিভিন্ন মহলে শুরু হয়েছে তার বিশ্লেষণ ও আলোচনা।এই বাজেটের অন্যতম গুরুত্বপূর্ণ ঘোষণা ছিল সরকারি কর্মচারীদের জন্য ২০ শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধির প্রস্তাব। পাশাপাশি দীর্ঘদিন ধরে চলতে থাকা ডিএ সংক্রান্ত জটিলতার সমাধানের উদ্যোগ, আশা কর্মী ও সিভিক ভলেন্টিয়ারদের ভাতা বৃদ্ধির ঘোষণা এবং বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পে অতিরিক্ত অর্থ বরাদ্দের বিষয়টিও বিশেষভাবে নজর কেড়েছে।সরকারি কর্মচারীদের একাংশের মতে, এই বাজেট কর্মচারী ও সাধারণ মানুষের স্বার্থকে গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে। বিশেষ করে বেতন ও ভাতা সংক্রান্ত ঘোষণাগুলি কর্মচারীদের দীর্ঘদিনের দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলেই মনে করছেন তাঁরা।

বাজেট ঘোষণার পর মঙ্গলবার অফিস শেষে মেদিনীপুরে জেলাশাসকের কার্যালয়ের সামনে কর্মচারী যৌথ মঞ্চের উদ্যোগে আনন্দ উদযাপনের আয়োজন করা হয়। সংগঠনের সদস্যরা একে অপরকে মিষ্টিমুখ করিয়ে বাজেটের বিভিন্ন ঘোষণাকে স্বাগত জানান।কর্মচারী যৌথ মঞ্চের রাজ্য সভাপতি অজয় কুমার ভূঁইয়া বলেন, বর্তমান সরকার সরকারি কর্মচারীদের স্বার্থরক্ষায় একাধিক ইতিবাচক ও দূরদর্শী পদক্ষেপ গ্রহণ করেছে। বাজেটে ডিএ বৃদ্ধি এবং অন্যান্য কল্যাণমূলক ঘোষণাগুলিকে তিনি স্বাগত জানান। পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।বাজেট ঘোষণার পর সরকারি কর্মচারীদের মধ্যে যে উৎসাহ ও আশাবাদের পরিবেশ তৈরি হয়েছে, মঙ্গলবারের উদযাপন তারই প্রতিফলন বলে মনে করছেন উপস্থিত কর্মীরা।