নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে রাজা নরেন্দ্র লাল খান মহিলা কলেজ (স্বায়ত্তশাসিত)-এ সাড়ম্বরে আয়োজিত হল এক বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার পাপিয়া সুলতানা, কলেজের অধ্যক্ষা ড. স্বপ্না ঘোড়ই, বিধায়ক ড. শঙ্কর গুচ্ছাইত, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং বিপুল সংখ্যক ছাত্রছাত্রী। অনুষ্ঠানে বাংলার সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস এবং গৌরবময় পথচলাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

বক্তারা বাংলার কৃষ্টি ও সাংস্কৃতিক উত্তরাধিকার সংরক্ষণ এবং উন্নয়নের ধারাকে আরও সুদৃঢ় করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। এদিন পশ্চিমবঙ্গের ঐতিহাসিক পরিচয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যের বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি রাজ্যের অগ্রগতি ও ভবিষ্যৎ উন্নয়নের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে ভারতকেশরী ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। বক্তারা তাঁর ঐতিহাসিক অবদান, জাতীয়তাবোধ এবং বাংলার প্রতি অকৃত্রিম ভালোবাসার কথা স্মরণ করেন। তাঁর আদর্শ ও কর্মধারা আগামী প্রজন্মকে পথ দেখাবে বলেও মত প্রকাশ করা হয়। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল বিশেষ উৎসাহ ও উদ্দীপনা।