নিজস্ব সংবাদদাতা :পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পশ্চিম মেদিনীপুর জেলা শাখার উদ্যোগে এবং মেদিনীপুর শহর বিজ্ঞান কেন্দ্রের সহযোগিতায় রবিবার নির্মল হৃদয় আশ্রম (চার্চ) হাইস্কুলে অনুষ্ঠিত হলো জেলা স্তরীয় মহিলা বিজ্ঞানকর্মী প্রশশিক্ষণ শিবির। বিজ্ঞানমনস্ক সমাজ গঠন, নারী স্বনির্ভরতা এবং স্বাস্থ্য ও আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই কর্মশালার আয়োজন করা হয়। জেলার ১৮টি বিজ্ঞান কেন্দ্রের প্রতিনিধি, কেন্দ্রীয় বিজ্ঞান সভার সদস্য, রাজ্য নেতৃত্ব, অতিথি, জেলা প্রশিক্ষক, জেলা নেতৃত্ব ও স্বেচ্ছাসেবক-সহ মোট ৯৮ জন এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেন। কর্মশালার সূচনায় একটি সংক্ষিপ্ত সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করা হয়। পরে রাজ্য নেতৃত্ব অধ্যাপিকা মৈত্রী বসু আনুষ্ঠানিকভাবে কর্মশালার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে নারী সুরক্ষা ও আইন বিষয়ক সচেতনতামূলক বক্তব্য রাখেন মেদিনীপুর ল কলেজের টিচার-ইন-চার্জ অধ্যাপিকা পিয়ালী দত্ত। মহিলাদের ক্যান্সারের কারণ, লক্ষণ, প্রতিরোধ ও চিকিৎসা নিয়ে বিস্তারিত আলোচনা করেন মেদিনীপুর মেডিক্যাল কলেজের চিকিৎসক ডা. দুর্গাপদ দোলাই। কর্মশালার অন্যতম আকর্ষণ ছিল হাতে-কলমে বিজ্ঞানভিত্তিক প্রশিক্ষণ। রাজ্য ও জেলা প্রশিক্ষকরা উপস্থিত প্রতিনিধিদের সামনে ফিনাইল, হ্যান্ডওয়াশ, জৈব সাবান, বিভিন্ন পুষ্টিকর খাদ্য ও হেলথ ড্রিঙ্কস তৈরির পদ্ধতি প্রদর্শন করেন। জেলার প্রশিক্ষক অধ্যাপিকা ঋতুপর্ণা সামন্ত মহিলাদের দৈনন্দিন সুস্থতা বজায় রাখতে যোগব্যায়াম ও প্রাণায়ামের ব্যবহারিক প্রশিক্ষণ দেন।

বিশেষ করে জৈব সাবান তৈরির প্রদর্শনী অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে। কর্মশালায় প্রস্তুত হওয়া সাবান অল্প সময়ের মধ্যেই বিক্রি হয়ে যায়। এছাড়াও খাদ্যে ভেজাল শনাক্তকরণ, বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব এবং নারীর শারীরিক ও মানসিক স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিশদ আলোচনা হয়। সমগ্র কর্মশালাটি পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মহিলা বিজ্ঞানকর্মী উপসমিতির আহ্বায়ক শ্রীমতি সুষমা প্রধান ও শ্রীমতি দীপালী রানা এবং সংগঠনের জেলা সভাপতি অধ্যাপিকা সুজাতা মাইতি চৌধুরী। অনুষ্ঠানের সফল আয়োজনের জন্য জেলার পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানানো হয়। কর্মশালা শেষে অংশগ্রহণকারী মহিলা বিজ্ঞানকর্মীরা জানান, এই ধরনের বিজ্ঞানভিত্তিক ও তথ্যসমৃদ্ধ প্রশিক্ষণ তাঁদের বাস্তব জীবনে অত্যন্ত কার্যকর হবে। ভবিষ্যতেও নিয়মিত এমন কর্মসূচির আয়োজনের দাবি জানান তাঁরা এবং জেলা নেতৃত্বকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক সুধাপদ বসু সফল কর্মশালা আয়োজনের জন্য নির্মল হৃদয় আশ্রম (চার্চ) হাস্কুলের ফাদার, শিক্ষক-শিক্ষিকা, পরিচালন সমিতি, মেদিনীপুর শহর বিজ্ঞান কেন্দ্রের নেতৃত্ব এবং সকল কর্মী ও স্বেচ্ছাসেবকদের আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।জেলা নেতৃত্বের মতে, নারীর সম্মান, বৈজ্ঞানিক মনন, স্বাস্থ্য সচেতনতা এবং স্বনির্ভরতার প্রসারে এই কর্মশালা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
