সুমন মণ্ডল : হেলমেটবিহীন বাইক আরোহীদের বিরুদ্ধে এবার কড়া অবস্থানে চন্দ্রকোনা ট্রাফিক গার্ডের পুলিশ। পথ নিরাপত্তা নিশ্চিত করতে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় শুরু হয়েছে নজিরবিহীন ট্রাফিক অভিযান।গত সাতদিন ধরে চন্দ্রকোনা জুড়ে বিশেষ সচেতনতামূলক কর্মসূচি চালায় ট্রাফিক বিভাগ। হেলমেট ব্যবহারের গুরুত্ব, ট্রাফিক আইন মেনে চলা এবং দুর্ঘটনা এড়াতে সতর্ক থাকার বার্তা দেওয়া হয় সাধারণ মানুষ ও বাইক আরোহীদের।

বিভিন্ন এলাকায় প্রচার চালিয়ে নিরাপদে গাড়ি চালানোর আবেদন জানায় পুলিশ।তবে সচেতনতার পরেও একাংশ বাইক আরোহী নিয়ম ভঙ্গ করায় শনিবার চন্দ্রকোনার আধকাটা এলাকায় রাস্তায় নেমে বিশেষ অভিযান চালান চন্দ্রকোনা থানার ট্রাফিক ওসি ও পুলিশ কর্মীরা। হেলমেট ছাড়া বাইক চালানো-সহ একাধিক ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে বেশ কয়েকজন বাইক আরোহীকে জরিমানা করা হয়।পুলিশ প্রশাসনের দাবি, সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থেই এই অভিযান আগামী দিনেও চলবে। ট্রাফিক নিয়ম মেনে চললে যেমন দুর্ঘটনা কমবে, তেমনই প্রাণহানির ঘটনাও অনেকাংশে রোধ করা সম্ভব হবে বলে মনে করছে ট্রাফিক বিভাগ।