নিজস্ব সংবাদদাতা : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক মেদিনীপুর কলেজ-কলেজিয়েট ময়দানে আয়োজিত হলো এক বৃহৎ যোগাভ্যাস কর্মসূচি। সুস্থ শরীর, শান্ত মন এবং সুষম জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা (আইএএস), জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা এবং বিধায়ক ড. শঙ্কর গুচ্ছাইত-সহ প্রশাসনের বিভিন্ন আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এদিন প্রায় হাজার হাজার মানুষ একযোগে যোগব্যায়ামে অংশগ্রহণ করেন। সাধারণ মানুষ, ছাত্রছাত্রী, সরকারি কর্মী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি এক বৃহৎ জনসম্পৃক্ত কর্মসূচির রূপ নেয়।

এদিকে একই দিনে কলকাতার রেড রোডে আয়োজিত কেন্দ্রীয় আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

দেশজুড়ে যোগচর্চার প্রসার এবং স্বাস্থ্য সচেতনতার বার্তা তুলে ধরেন তিনি।অনুষ্ঠানে জেলাশাসক বিজিন কৃষ্ণা বলেন, সুস্থ জীবনযাপন, শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং মানসিক স্বাস্থ্যের উন্নতির বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই এই বৃহৎ আয়োজন করা হয়েছে। তিনি জেলার সর্বস্তরের মানুষকে নিয়মিত যোগচর্চার মাধ্যমে সুস্থ জীবনধারা গড়ে তোলার আহ্বান জানান।

যোগব্যায়ামের মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং দৈনন্দিন জীবনে সুস্থ অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে এবারের আন্তর্জাতিক যোগ দিবসকে ঘিরে পশ্চিম মেদিনীপুর জুড়ে উৎসবের আবহ তৈরি হয়েছে। প্রশাসনের আশা, এই উদ্যোগ আরও বেশি মানুষকে নিয়মিত যোগাভ্যাসে উৎসাহিত করবে এবং সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।