অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

মেদিনীপুর কলেজের 154তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

মেদিনীপুর কলেজের 154তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

নিজস্ব সংবাদদাতা : পড়াশোনার পাশাপাশি খেলাধুলার চর্চা এবং ছাত্রছাত্রীদের সর্বাঙ্গীণ বিকাশের বার্তা নিয়ে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী মেদিনীপুর কলেজের 154তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2026। শুক্রবার সকাল সাড়ে 11টায় মেদিনীপুর কলেজ - কলেজিয়েট মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতার সূচনা হয়।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের বরণ, পতাকা উত্তোলন ও মশাল প্রজ্বলনের মাধ্যমে ক্রীড়ার আবহ তৈরি হয়। এরপর মার্চ পাস্ট, শপথবাক্য পাঠ এবং অতিথিদের বক্তব্যের মধ্য দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ড. জয়ন্ত কিশোর নন্দী, প্রধান অতিথি মেদিনীপুরের বিধায়ক ড. শঙ্কর কুমার গুছাইত, বিশেষ অতিথি প্রাক্তন ফুটবলার অজয় মিত্র, রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষা ড. স্বপ্না ঘোষ ।

এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক মুকুল রঞ্জন রায়, অধ্যাপক ড. প্রবীর কুমার চক্রবর্তী ও অধ্যাপক ড. গোপাল চন্দ্র বেরা-সহ বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

বক্তারা তাঁদের বক্তব্যে ছাত্রছাত্রীদের জীবনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। তাঁদের মতে, ক্রীড়াচর্চা শুধু শারীরিক সুস্থতাই নয়, বরং শৃঙ্খলাবোধ, মানসিক দৃঢ়তা, নেতৃত্বের গুণাবলি ও আত্মবিশ্বাস গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।অনুষ্ঠানের সার্বিক আয়োজন ও পরিচালনায় কলেজের অধ্যক্ষ ড. অসিত পণ্ডার গুরুত্বপূর্ণ ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। তাঁর নেতৃত্বে 154তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান সুষ্ঠু ও বর্ণাঢ্যভাবে সম্পন্ন হয়।

শিক্ষার ঐতিহ্য বহনকারী মেদিনীপুর কলেজের এই ক্রীড়া আয়োজন পড়ুয়াদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছড়িয়ে দেয়। শিক্ষা ও খেলাধুলার সমান গুরুত্বের বার্তা বহন করল এবারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।