বাল্যবিবাহমুক্ত ভারত গড়ার শপথ, নয়াগ্রামের চামারবাঁধে আইনি সচেতনতা শিবিরে সামিল 350 গ্রামবাসী
নিজস্ব সংবাদদাতা : বাল্যবিবাহমুক্ত ভারত গড়ার লক্ষ্যে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের চামারবাঁধ গ্রামে অনুষ্ঠিত হলো বিশেষ আইনি সচেতনতা শিবির। 27 নভেম্বর 2026, ‘বাল্যবিবাহমুক্ত ভারত’ (Child Marriage Free India) অভিযানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে চামারবাঁধ গ্রামের ‘আমরা কয়েকজন’ ক্লাবের উদ্যোগে, ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পরিচালনায় এবং স্বেচ্ছাসেবী সংস্থা ‘কোসি লোক মঞ্চ’-এর ঝাড়গ্রাম শাখার সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়। শিবিরে প্রায় 300 থেকে 350 জন গ্রামবাসী অংশগ্রহণ করেন।

শিবিরে ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব তথা বিচারক রিহা ত্রিবেদী NALSA (ASHA) SOP, 2025 প্রকল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা, আইনি সহায়তা, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো এবং প্রশাসনিক পদক্ষেপের গুরুত্ব তুলে ধরেন তিনি। পাশাপাশি বাল্যবিবাহের ফলে শিশুদের শারীরিক ও মানসিক ক্ষতি, শিক্ষাজীবনে বাধা এবং আইন অনুযায়ী শাস্তির বিধান সম্পর্কেও উপস্থিতদের সচেতন করা হয়। ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অফিস মাস্টার সুব্রত বারিক সাধারণ মানুষ কীভাবে বিনামূল্যে আইনি পরিষেবা পেতে পারেন, সে বিষয়ে বিস্তারিত জানান। অধিকার মিত্র রীতা দাস দত্ত আইনি সমস্যায় সাধারণ মানুষের পাশে থাকার আশ্বাস দেন।

অন্যদিকে, নয়াগ্রাম থানার IC রাম নারায়ণ পাল এলাকার বিভিন্ন ঘটনার প্রসঙ্গ তুলে ধরে বাল্যবিবাহ প্রতিরোধে পুলিশ ও সাধারণ মানুষের যৌথ উদ্যোগের প্রয়োজনীয়তার কথা বলেন। কোসি লোক মঞ্চের জেলা সমন্বয়কারী মোনালিসা পাল বাল্যবিবাহের ক্ষতিকর দিকগুলি তুলে ধরে অভিভাবক ও গ্রামবাসীদের সচেতন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চামারবাঁধ ‘আমরা কয়েকজন’ ক্লাবের তুফান রাউত এবং নয়াগ্রাম থানা এলাকার অধিকার মিত্র আলোক সিং-সহ বিশিষ্ট ব্যক্তিরা।

সচেতনতা শিবির শেষে গ্রামের ছাত্রছাত্রী ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বাল্যবিবাহের বিরুদ্ধে পদযাত্রা করা হয়। সমাজ থেকে বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি দূর করে শিশুদের সুরক্ষিত ভবিষ্যৎ গড়ে তোলার বার্তা দেওয়া হয় এই কর্মসূচির মাধ্যমে।
সম্পর্কিত খবর
পশ্চিম মেদিনীপুর
শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান, ‘দ্রোণাচার্য অ্যাওয়ার্ড 2026’ পেলেন নারায়ণগড়ের প্রধান শিক্ষক ড. সৌমেন বাগ!
ঝাড়গ্রাম
ঝাড়গ্রামে সাতসকালে বোমাতঙ্ক! রাস্তায় লাল ব্যাগ ঘিরে চাঞ্চল্য, তল্লাশিতে বম্ব স্কোয়াড
ঝাড়গ্রাম