শিশুর শৈশব সুরক্ষিত হোক, বন্ধ হোক বাল্যবিবাহ—এই বার্তাকে সামনে রেখেই চন্দ্রকোনা পুলিশের সচেতনতামূলক উদ্যোগ
সুমন মণ্ডল: বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি রুখতে এবার পথে নামল চন্দ্রকোনা থানার পুলিশ। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে শপথ গ্রহণ ও পদযাত্রার আয়োজন করা হয় পুলিশের উদ্যোগে। পদযাত্রায় বাল্যবিবাহ বন্ধের বার্তা নিয়ে অংশগ্রহণ করেন পুলিশকর্মীরা। তাঁদের হাতে থাকা বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘শৈশব হোক আনন্দের, বিয়ের পিঁড়িতে বসার নয়’।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমা পুলিশ আধিকারিক সপ্তর্ষি ভট্টাচার্য, চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের বিডিও উৎপল পাইক, চন্দ্রকোনা থানার ওসি প্রত্যয় দাস, ক্ষীরপাই ফাঁড়ির আইসি জাহাঙ্গীর আলম এবং রামজীবনপুর ফাঁড়ির আইসি অরুণ গোপ-সহ অন্যান্য পুলিশকর্মীরা।পদযাত্রার মাধ্যমে সাধারণ মানুষের কাছে বাল্যবিবাহের কুফল এবং এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বার্তা পৌঁছে দেওয়া হয়। শিশুদের শিক্ষা, সুরক্ষা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে বাল্যবিবাহ বন্ধে পরিবার ও সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।