আদালতের রায়ে আপাতত ঋতব্রত অধ্যায়ে বিরতি, কে হবেন বিরোধী দলনেতা? সিদ্ধান্ত নিতে হবে স্পিকারকেই
নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবঙ্গের বিধানসভায় বিরোধী দলনেতা কে হবেন, তা নিয়ে রাজনৈতিক টানাপোড়েনে নতুন মোড়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নাকি শোভনদেব চট্টোপাধ্যায় ?—এই বিতর্কে গুরুত্বপূর্ণ রায় দিল কলকাতা হাইকোর্ট। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে ঘোষণা করার বিধানসভার স্পিকারের সিদ্ধান্ত খারিজ করে দিলেন বিচারপতি কৃষ্ণা রাওয়ের একক বেঞ্চ। ফলে আপাতত বিরোধী দলনেতার পদে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অবস্থান আর বহাল থাকছে না। তবে বিরোধী দলনেতা হিসেবে শেষ পর্যন্ত কে দায়িত্ব পাবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বিধানসভার স্পিকারের হাতেই রেখেছে আদালত। বিচারপতি স্পষ্ট জানিয়েছেন, বিরোধী দলনেতা নির্বাচন করতে হবে বিধানসভার নির্ধারিত প্রক্রিয়া মেনেই। এ ক্ষেত্রে স্পিকারকে নির্দিষ্ট সময়সীমার মধ্যেও সিদ্ধান্ত নিতে হবে। বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস 80টি আসনে জয়লাভ করার পর বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে দলের অন্দরে মতবিরোধ তৈরি হয়। তৃণমূলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে মনোনীত করেন। সেই সিদ্ধান্তের কথা জানিয়ে গত 9 মে বিধানসভার স্পিকারকে চিঠিও পাঠানো হয় দলের তরফে।অভিযোগ, ওই চিঠির ভিত্তিতে স্পিকার কোনও পদক্ষেপ করেননি। পরবর্তী সময়ে চিঠিতে বিধায়কদের স্বাক্ষর জাল করার অভিযোগও সামনে আসে।এরপর দলবিরোধী কার্যকলাপের অভিযোগে 1 জুন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং এন্টালির বিধায়ক সন্দীপন সাহাকে দল থেকে বহিষ্কার করা হয়। কিন্তু ঘটনার নতুন মোড় আসে 3 জুন। ওই দিন তৃণমূলের বিক্ষুব্ধ 58 জন বিধায়ক স্পিকারকে চিঠি দিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা করার দাবি জানান। সেই চিঠির ভিত্তিতেই স্পিকার ঋতব্রতকে বিরোধী দলনেতা হিসেবে ঘোষণা করেন।স্পিকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়।

মামলার শুনানিতে রাজ্যের তরফে স্পিকারের দায়িত্ব গ্রহণ এবং প্রশাসনিক পরিস্থিতির বিভিন্ন দিক তুলে ধরা হয়। জানানো হয়, 15 মে রথীন্দ্র বসু স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার আগে স্পিকার নিযুক্ত না থাকায় বিধানসভার বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে সমস্যা তৈরি হয়েছিল। পাশাপাশি 19 মে থেকে 24 মে পর্যন্ত স্পিকার কলকাতার বাইরে ছিলেন বলেও আদালতে উল্লেখ করা হয়। তৃণমূলের তরফে 6 মে-র স্বাক্ষরিত রেজোলিউশন 19 মে পাঠানোর বিষয়টিও উঠে আসে শুনানিতে। পরবর্তী সময়ে বিরোধী পক্ষের অভিযোগ এবং এফআইআর দায়েরের প্রসঙ্গও আদালতে উত্থাপিত হয়। তবে রাজ্যের এই যুক্তিতে সন্তুষ্ট হননি বিচারপতি কৃষ্ণা রাও।কলকাতা হাইকোর্টের এই রায়ের পর বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আদালত ঋতব্রতকে বিরোধী দলনেতা করার স্পিকারের সিদ্ধান্ত খারিজ করলেও সরাসরি শোভনদেব চট্টোপাধ্যায়কে ওই পদে বসানোর নির্দেশ দেয়নি। বরং বিধানসভার স্পিকারকেই আইন ও বিধানসভার নিয়ম মেনে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দিয়েছে।
সম্পর্কিত খবর
পশ্চিমবঙ্গ
রাস পূর্ণিমার মাহাত্ম্য: রাধাকৃষ্ণের প্রেমলীলা, ভক্তির গভীর দর্শন ও বাংলার ঐতিহ্য
পশ্চিমবঙ্গ
রাজ্যের নাম বদলে সব ভাষায় ‘পশ্চিমবঙ্গ’ করার উদ্যোগ, 9 ডিসেম্বর বিধানসভায় প্রস্তাব পেশের ঘোষণা মুখ্যমন্ত্রীর
পশ্চিমবঙ্গ