নাবালিকা সন্তান প্রসবের ঘটনায় গড়বেতায় গ্রেফতার ২১ বছরের স্বামী!

নাবালিকা সন্তান প্রসবের ঘটনায় গড়বেতায় গ্রেফতার ২১ বছরের স্বামী!

নিজস্ব সংবাদদাতা :এক নাবালিকা স্ত্রী সন্তান প্রসব করেছিলেন। তারপরই গ্রেফতার হলেন ২১ বছরের স্বামী। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় এক বছর আগে ওই নাবালিকার সঙ্গে রাহুল মণ্ডলের বিয়ে হয়েছিল। পরবর্তীতে তিনি অন্তঃসত্ত্বা হন।বুধবার রাতে প্রসব যন্ত্রণা শুরু হলে ১৭ বছরের ওই নাবালিকাকে গড়বেতার একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। চিকিৎসার পর তিনি সন্তানের জন্ম দেন। বিষয়টি জানতে পেরে চিকিৎসক পুলিশকে খবর দেন। এরপর চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে গড়বেতা থানার পুলিশ। তদন্তের পর সন্ধিপুর এলাকা থেকে নাবালিকার স্বামীকে গ্রেফতার করা হয়।পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। নাবালিকার বিয়ে কীভাবে হয়েছিল এবং ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।উল্লেখ্য,সম্প্রতি নাবালিকা বিয়ে ও নাবালিকাদের সন্তান প্রসবের ঘটনা নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বলেছিলেন,“আঠারো বছরের নিচে বিবাহতে আমরা প্রথম। কোন জমানায় বসে আছেন? আঠারো বছরের নিচের কন্যারা সন্তানের জন্ম দিল। কারা করালেন? প্রথমে তাঁদের স্বামীদের জেলে ঢোকাতে হবে। এই সরকার কিন্তু ছাড়বে না। থামাতে হবে। বাড়ি বাড়ি থেকে তুলে আনব। এই স্বামীদের শোকজ চিঠি পাঠানো হবে। দেখাতে হবে মহিলার বয়স ১৮ হয়েছে। আর আঠারো বছরের নিচে বিয়ে করলে তো আগেই পকসো আইনে জেলে যাবে।” সেই বক্তব্যের পরেই গড়বেতায় নাবালিকা স্ত্রী সন্তান প্রসবের ঘটনায় স্বামীর গ্রেফতারকে ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চালাচ্ছে গড়বেতা থানার পুলিশ।